ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহীরা হুমকি দিয়ে বলেছে, তাদের বিরুদ্ধে চলমান হামলায় অংশ নিলে ইতালি লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইতালির দৈনিক পত্রিকা লা রিপাবলিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুমকি দিয়েছেন গোষ্ঠীটির সর্বোচ্চ বিপ্লবী কমিটির প্রধান মোহাম্মদ আলী আল-হুথি। সোমবার (৫ ফেব্রুয়ারি) তার ওই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মোহাম্মদ আলী আল-হুথি বলেছেন, ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষে ইতালিকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে।
সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘গাজায় হামলা বন্ধ করতে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে হবে ইতালিকে’। এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার একমাত্র উপায় এটি বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার ইতালি বলেছে, তারা লোহিত সাগরে চলাচলকারী জাহাজগুলোকে রক্ষা করতে ইউরোপীয় ইউনিয়নের ‘রেড সি নেভাল মিশন’ এ ‘দ্য অ্যাডমিরাল ইন কমান্ড’ প্রদান করবে।
মধ্য ফেব্রুয়ারি থেকে লোহিত সাগরে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর এই অভিযান শুরু হবে। ওই অভিযানের লক্ষ্য হবে, লোহিত সাগরের নৌ চলাচল রুটে বাণিজ্যিক জাহাজগুলোকে সব ধরনের আক্রমণ থেকে রক্ষা এবং সেগুলোকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন আগেভাগেই ধ্বংস করা।
তবে তারা হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে কোনও হামলায় অংশ নেবে না বলে জানিয়েছেন ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল।
নভেম্বর থেকে লোহিত সাগরে ভ্রমণকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর কয়েক ডজন হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হুথিরা। তারা বলছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের দাবি, ইসরায়েল পরিচালিত বা সংশ্লিষ্ট জাহাজগুলোকেই লক্ষ্যবস্তু করা হচ্ছে।
এর জবাবে ইয়েমেনে হুথিদের অবস্থানে যুক্তরাজ্যের সঙ্গে যৌথভাবে ও এককভাবে যুক্তরাষ্ট্র নিয়মিত হামলা চালিয়ে আসছে।









