লেবানন নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর ২০২৪, ২০:২১আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০৩:৫০

একের পর এক ইসরায়েলি হামলায় নাস্তানাবুদ ইরান-সমর্থিত লেবাননের হিজবুল্লাহ এখন কোণঠাসা হয়ে পড়েছে। হিজবুল্লাহর স্থাপনা ছাড়াও এখন বেসামরিক এলাকাগুলোতেও তীব্র হামলা শুরু করেছে ইসরায়েল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমতাবস্থায় লেবাননের নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা চরমে পৌঁছেছে। রবিবার (২০ অক্টোবর) ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

ইরান সমর্থিত সবচেয়ে শক্তিশালী সশস্ত্র আঞ্চলিক গোষ্ঠী হিজবুল্লাহ। লেবাননে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকারী এই গোষ্ঠীটিকে অস্ত্র ও অর্থায়ন করে দেশটি।

তবে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার পর এই অঞ্চলে গোষ্ঠীটির প্রভাব এখন প্রশ্নবিদ্ধ।

কার্নেগি মিডল ইস্ট সেন্টার থিংক ট্যাংকের মাইকেল ইয়ং বলেছেন, হিজবুল্লাহর এই কোণঠাসা দশার কারণে লেবাননে ‘আধিপত্য বিস্তার নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান।

এএফপিকে তিনি বলেন, ‘আমেরিকার সঙ্গে মিলে ইসরায়েল লেবাননে ক্ষমতার ভারসাম্যকে তাদের সুবিধার্থে পরিবর্তন করতে সামরিক শক্তি ব্যবহারের চেষ্টা করছে।’

তবে ‘ইরানিরা যে তা বিনা লড়াইয়ে মেনে নেবে এমন কোনও লক্ষণ নেই।’

হিজবুল্লাহকে লেবাননের জাতীয় সামরিক বাহিনীর চেয়েও আধুনিক সশস্ত্র বাহিনী হিসেবে বিবেচনা করা হয়। ১৯৭৫ থেকে ১৯৯০ সালের গৃহযুদ্ধের পর এটিই একমাত্র গোষ্ঠী, যারা তাদের অস্ত্র জমা দেয়নি।

গত বছর গাজায় ইসরায়েলি হামলা শুরু হলে মিত্র গোষ্ঠী হামাসের সমর্থনে ইসরায়েলের সঙ্গে সীমান্তে একটি নতুন সংঘাতের শুরু করে হিজবুল্লাহ। তবে সেই সংঘাত যাতে একটি সর্বাত্মক যুদ্ধে রূপ না নেয়, সে বিষয়ে সতর্ক ছিল তারা।

তবে এই আশঙ্কা বাস্তবে রূপ নেয় ২৩ সেপ্টেম্বর, যখন দক্ষিণ বৈরুতসহ হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটিতে বোমা হামলা চালায় ইসরায়েল।

যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির জন্য চাপ দিয়েছে। তবে ‘হিজবুল্লাহর অবকাঠামোকে ধ্বংস করার’ ইসরায়েলি প্রচেষ্টাকেও আবার সমর্থন করেছে।

চলতি মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছিলেন, ‘এটি খুবই স্পষ্ট যে লেবাননের জনগণের আগ্রহ রয়েছে—একটি শক্তিশালী আগ্রহ—রাষ্ট্রের কাছে নিজেকে জাহির করার এবং দেশ ও এর ভবিষ্যতের দায়িত্ব নিজ কাঁধে নেওয়ার।’

সৌদি-ইরান প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ‘ব্ল্যাক ওয়েভ’ নামে একটি বই লিখেছেন লেখক কিম ঘাট্টাস। এএফপিকে তিনি বলেছেন, ‘একদিকে ইরান ও হিজবুল্লাহর এবং অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ফেঁসে গেছে লেবানন।’

তিনি বলেন, তবে যুদ্ধের লক্ষ্য ও কৌশল বিবেচনায় ইসরায়েল ও ওয়াশিংটনের উদ্দেশ্য এক হতে হবে এমন নয়।’

তার মতে, ‘ওয়াশিংটন হিজবুল্লাহকে শুধু দুর্বল ও নিরস্ত্র হিসেবে দেখতে চায়। তবে ইসরায়েল এই সামরিক অভিযানকে একটি অন্য মাত্রায় নিয়ে যেতে চায়।’

উত্তর সীমান্তকে নিরাপদ না করা পর্যন্ত হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ইসরায়েল। তখন লেবাননকে ‘গাজার মতো’ পরিণতি ভোগ করার হুঁশিয়ারি দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

৮ অক্টোবর নেতানিয়াহু বলেছিলেন, ‘লেবাননের জনগণ, আমি আপনাদের বলছি: এই যুদ্ধ বন্ধ করতে চাইলে হিজবুল্লাহর হাত থেকে আপনাদের দেশকে মুক্ত করুন।’

ইসলামিক রিপাবলিক ইরানের প্রসঙ্গ টেনে ঘাট্টাস বলেন, ইরান ‘লেবাননে তার অবশিষ্ট শক্তি ও শাসন ঠিকিয়ে রাখতে চায়।’

তিনি আরও বলেন, ‘দেশটিকে আসলে হিজবুল্লাহকে সমর্থন অব্যাহত রাখার পাশাপাশি কূটনীতির পথ উন্মুক্ত রাখার ইঙ্গিত দিতে একটি ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকতে হবে।’

গত সপ্তাহে, লেবাননের বিষয়ে হস্তক্ষেপের কারণে ইরানকে একটি বিরল তিরস্কারের মুখোমুখি হতে হয়েছে। কেননা, যুদ্ধবিরতির শর্তাদি নিয়ে ইরানের এক কর্মকর্তা যে মন্তব্য করেছিলেন, সেটিকে লেবাননের বিষয়ে ইরানের ‘স্পষ্ট হস্তক্ষেপ’ বলে অভিযোগ করেছেন লেবানিজ প্রধানমন্ত্রী নাজিব মিকাতি।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ফ্রান্সের লে ফিগারো সংবাদপত্রকে বলেছিলেন, তার সরকার ২০০৬ সালের জাতিসংঘের একটি প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে আলোচনা করতে প্রস্তুত ছিল। ওই প্রস্তাবে শুধু লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘ শান্তিরক্ষীদের দক্ষিণ লেবাননে মোতায়েন করার আহ্বান জানানো হয়।

ইরানি স্পিকারের এমন মন্তব্যের পর, ইরান ‘লেবাননের ওপর একটি অগ্রহণযোগ্য অভিভাবকত্ব প্রতিষ্ঠা করার’ চেষ্টা করেছিল বলে অভিযোগ করেন মিকাতি।

প্রায় এক মাস পূর্ণ করতে চললো ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধ। এই সংঘাতের মধ্যেই লেবাননের প্রেসিডেন্ট নির্বাচনের আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক অচলাবস্থার কারণে দেশটির প্রেসিডেন্টের পর দুই বছর ধরে শূন্য পড়ে আছে।

দেশটির সর্বশেষ প্রেসিডেন্ট মিশেল আউন হিজবুল্লাহর একজন মিত্র ছিলেন। নির্বাচনকে তিনি দেশের রাজনৈতিক প্রবণতার জন্য একটি পরীক্ষা হিসেবে দাঁড় করিয়েছিলেন।

এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে মিকাতি বলেন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা মিত্রদের আহ্বানের সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের জোর প্রচেষ্টা চলছে।

রাজনৈতিক অর্জনের জন্য হিজবুল্লাহর বিপর্যয়গুলোকে কাজে লাগাচ্ছেন—এমন দৃষ্টিভঙ্গি এড়ানোর চেষ্টায়, সতর্কতার সঙ্গে নতুন প্রেসিডেন্টের জন্য আবেদন জানাচ্ছেন লেবাননের রাজনৈতিক নেতারাও।

বিশ্লেষক মিশেল ইয়াং বলেন, ‘হিজবুল্লাহর প্রতি বিদ্বেষী মনোভাব পোষণকারী লেবাননের দলগুলোও বুঝতে পারছে পরিস্থিতি এখন খুবই নাজুক।’

তিনি আরও বলেন, ‘তারা শিয়া সম্প্রদায়কে উসকে দিতে চায় না, যারা ইতোমধ্যে অপমানিত ও ক্ষুব্ধ এবং বিচ্ছিন্ন বোধ করে। আসুন মনে রাখি, তারা সশস্ত্রও।’

ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধের কারণে বাস্তুচ্যুত শিয়া সম্প্রদায়গুলোকে খ্রিষ্টান-সংখ্যাগরিষ্ঠ এলাকায় সরে যেতে বাধ্য করার পর থেকেই সম্প্রদায়গুলোর মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। অনেকেই ১৫ বছরের দীর্ঘস্থায়ী যুদ্ধের পুনরাবৃত্তি নিয়ে আশঙ্কা করছেন।

১৯৮২ সালে লেবাননে ইসরায়েলি আগ্রাসন লেবানিজদের তিক্ত সেই স্মৃতি এবং শেষ পর্যন্ত ইসরায়েলের অন্যতম শক্তিশালী শত্রু হিজবুল্লাহ সৃষ্টির কথা মনে করিয়ে দেয়।

ঘাট্টাস বলছিলেন, ‘মনে হচ্ছে লেবাননের রাজনীতিবিদরা অতীত থেকে শিক্ষা নিয়েছেন। তবে বর্তমান এই অস্থিরতা ও যুদ্ধ যত দীর্ঘ হবে, উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা ততই কঠিন হবে।’

/এএকে/এএ/এমওএফ/
সম্পর্কিত
শিশুর জন্য ফুটপাতে দুধ গরম করছিলেন গৃহহীন মা, মন্ত্রীর ধমকে তীব্র বিতর্ক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বশেষ খবর
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি