দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার (৩১ অক্টোবর) টানা দ্বিতীয় দিনের মতো পূর্ব লেবাননের প্রাচীন শহর বালবেকের আশেপাশে বোমাবর্ষণ করেছে। সেখানকার বাসিন্দাদের বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, শত্রুর যুদ্ধবিমান বালবেকের আশপাশের দৌরিস গ্রামে চারটি আক্রমণ চালিয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলের একাধিক হামলায় ছয়জন স্বাস্থ্যকর্মী নিহত ও চারজন আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী বেসামরিক প্রতিরক্ষা কর্মীদের অবস্থানে হামলা চালালে চারজন স্বাস্থ্যকর্মী নিহত হন। পৃথক হামলায় আরও দুজন প্রাণ হারান।
সালাআ শহরের আরেকটি হামলায় একটি অ্যাম্বুলেন্স ধ্বংস হলেও এর চালক অলৌকিকভাবে বেঁচে যান। এ নিয়ে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এই বর্বরতার সময়ে অন্যায়। এই সহিংসতার অবসান ঘটানো জরুরি।
লেবাননে ইসরায়েলি আক্রমণ শুরু হওয়ার পর থেকে মোট ১৭৮ জন স্বাস্থ্যকর্মী নিহত এবং ২৭৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেইসঙ্গে ২৪৬টি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এনএনএ আরও জানায়, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের টাইরের আল-হৌশ এলাকাতেও বিমান হামলা চালিয়েছে। অনলাইনে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, এই হামলার সময় বিস্ফোরণস্থল থেকে ঘন ধোঁয়া উঠছে।









