আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পক্ষ থেকে বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারিকে ইহুদি বিদ্বেষ হিসেবে অভিহিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। বৃহস্পতিবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে প্রধানমন্ত্রী কার্যালয় বলেছে, এই পদক্ষেপ ইসরায়েলকে তার নাগরিকদের রক্ষা করার কাজ থেকে বিরত রাখতে পারবে না। টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।
বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় আদালতের অভিযোগগুলোকে ‘ভিত্তিহীন ও মিথ্যা’ দাবি করে বলেছে, এগুলো আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খানের নিজের বিরুদ্ধে যৌন হয়রানির গুরুতর অভিযোগ থেকে বাঁচার প্রচেষ্টা এবং ইসরায়েলবিরোধী পক্ষপাতদুষ্ট বিচারকদের দ্বারা পরিচালিত ইহুদি বিদ্বেষী ঘৃণার ফল।
এতে আরও অভিযোগ করা হয়েছে, এ কারণেই প্রসিকিউটর মিথ্যা বলেছিলেন যখন তিনি মার্কিন সিনেটরদের আশ্বাস দিয়েছিলেন যে ইসরায়েলের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়ার আগে তিনি তাদের কথা শুনবেন। এ কারণেই তিনি গত মে মাসে ইসরায়েলে সফর হঠাৎ বাতিল করেন এবং প্রধানমন্ত্রীর পাশাপাশি সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঘোষণা দেন।
নেতানিয়াহুর কার্যালয়ের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, এই ধরনের অভিযোগ আইসিসির বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। তবে এই অভিযোগগুলো ইসরায়েলের সামরিক কার্যক্রম বা রাজনৈতিক নেতৃত্বের ওপর প্রভাব ফেলবে না।
ইসরায়েল ও দেশটির প্রধান মিত্র যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয় এবং তারা বরাবরই এই আদালতের সিদ্ধান্তগুলো প্রত্যাখ্যান করে আসছে।








