রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ-এর শীর্ষ কর্মকর্তা ভ্লাদিমির আলেকসেয়েভকে গুলি করার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে দুবাই থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে এরই মধ্যে রাশিয়ার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে রবিবার জানিয়েছে দেশটির ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)।
তদন্তকারীরা জানিয়েছেন, গত শুক্রবার মস্কোর একটি অ্যাপার্টমেন্ট ব্লকে জিআরইউ-এর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেকসেয়েভকে লক্ষ্য করে বেশ কয়েকবার গুলি চালানো হয়। হামলার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তার শরীরে অস্ত্রোপচার করা হয় বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম।
এফএসবি জানিয়েছে, হামলার অভিযোগে লুবোমির কর্বা নামের এক রুশ নাগরিককে দুবাই থেকে গ্রেফতার করা হয়েছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই হত্যাচেষ্টার পেছনে ইউক্রেনকে দায়ী করেছেন। তার দাবি, চলমান শান্তি আলোচনা নস্যাৎ করার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। তবে ইউক্রেন এই হামলার সঙ্গে জড়িত থাকার খবর অস্বীকার করেছে।
উল্লেখ্য, আলেকসেয়েভের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জিআরইউ প্রধান অ্যাডমিরাল ইগর কস্তিউকভ বর্তমানে আবুধাবিতে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার নিরাপত্তা বিষয়ক দিকগুলো নিয়ে রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
সূত্র: রয়টার্স








