ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের ইসরায়েলি বসতির ওপর যুক্তরাজ্য ও ১১টি পশ্চিমা দেশের আরোপিত বাণিজ্য নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্র ‘স্বাভাবিকভাবেই’ যোগ দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে একই সঙ্গে ইসরায়েলি বসতি সম্প্রসারণ ও সহিংসতায় অস্থির হয়ে ওঠা অঞ্চলটিতে স্থিতিশীলতা বজায় রাখার ওপর জোর দিয়েছেন এই শীর্ষ মার্কিন কূটনীতিক।
মিয়ামিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কো রুবিও বলেন, স্বাভাবিকভাবেই যুক্তরাজ্য যা করেছে, আমরা তা করতে যাচ্ছি না। আমরা আজ তাদের ঘোষণা দেখেছি, তবে এই মুহূর্তে এ বিষয়ে আমার কোনও মন্তব্য নেই।
নিষেধাজ্ঞার সঙ্গে একাত্মতা না প্রকাশ করলেও ওই এলাকার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মধ্যপ্রাচ্যের বর্তমান নাজুক পরিস্থিতির কথা উল্লেখ করে রুবিও বলেন, অঞ্চলটিতে এমনিতেই অনেক কিছু ঘটছে, এর মধ্যে আমরা পশ্চিম তীরে নতুন করে কোনও অস্থিতিশীল পরিস্থিতি দেখতে চাই না।
মঙ্গলবার ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাজ্য। তাদের এই নিষেধাজ্ঞায় সমর্থন জানিয়েছে কানাডা, ফ্রান্স, নরওয়ে, আয়ারল্যান্ড, স্পেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, পোল্যান্ড, পর্তুগাল ও সুইডেন।

পশ্চিম তীরে ইহুদি বসতির বিরুদ্ধে যুক্তরাজ্যসহ ১২ ইউরোপীয় দেশের নিষেধাজ্ঞা
জেরুজালেম ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করার ঘোষণা ইসরায়েলের






