হরমুজে টোগোর তেলবাহী জাহাজে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক 
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩

হরমুজ প্রণালিতে টোগোর পতাকাবাহী একটি তেলবাহী জাহাজে হামলার দাবি করেছে ইরান। দেশটির অভিযোগ, ‘অবৈধভাবে’ গুরুত্বপূর্ণ এই নৌপথ অতিক্রমের চেষ্টা করায় জাহাজটিতে আঘাত করা হয়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএতে প্রকাশিত বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী জানায়, ‘ট্রেন্ড’ নামের ওই ট্যাংকারটি বৃহস্পতিবার রাতে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের দাবি, মার্কিন সামরিক বাহিনীর প্ররোচনা ও প্রতারণায় পড়ে জাহাজটি অনুমোদনহীন পথে যাওয়ার চেষ্টা করছিল।

ইরানের আইআরজিসি নৌবাহিনীর ভাষ্য, জাহাজটি অতিক্রমের চেষ্টা করার সময় আগুন ধরে যায় এবং পরে সেটিতে আঘাত করা হয়। এরপর জাহাজটির চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী আরও দাবি করেছে, তাদের নৌসেনারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ বজায় রেখেছে। তারা যেসব শক্তিকে ‘আগ্রাসী’ হিসেবে বিবেচনা করে, তাদের যেকোনো তৎপরতা ঠেকানোরও হুঁশিয়ারি দিয়েছে।

জাহাজের মালিক ও নাবিকদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে ইরানের নৌবাহিনী বলেছে, হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথে চলাচলের চেষ্টা করলে সংশ্লিষ্ট জাহাজের ধ্বংস ছাড়া অন্য কোনো ফল হবে না।

তবে ইরানের এই হামলার দাবি তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। জাহাজটিতে কী ধরনের পণ্য ছিল, কতজন ক্রু ছিলেন, কেউ হতাহত হয়েছেন কি না কিংবা জাহাজটি বর্তমানে ভাসমান অবস্থায় আছে কি না—এসব বিষয়ে ইরানের বিবৃতিতে কোনো তথ্য দেওয়া হয়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিকে ঘিরে সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বেড়েছে। এর আগে ইরানের আইআরজিসি নৌবাহিনী হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথে চলাচলকারী কয়েকটি তেলবাহী জাহাজকে লক্ষ্যবস্তু করার দাবিও করেছিল।

সূত্র: আনাদলু

/আইএএম/
সম্পর্কিত
জমজমের পানি পাচারের চেষ্টা: চালককে মোটা অঙ্কের জরিমানা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দুই দিনেই হরমুজ খুলে দিতে প্রস্তুত ইরান, তবে…
সর্বশেষ খবর
আইএলআর নীতিমালায় বড় পরিবর্তন: ১০ বছরের শর্তে বিপাকে হাজারো বাংলাদেশি পরিবার
আইএলআর নীতিমালায় বড় পরিবর্তন: ১০ বছরের শর্তে বিপাকে হাজারো বাংলাদেশি পরিবার
‘হ্যাপিলি’ নামে সুখের শহরের মহাপরিকল্পনা উন্মোচন
‘হ্যাপিলি’ নামে সুখের শহরের মহাপরিকল্পনা উন্মোচন
সাউথইস্ট ব্যাংকের পরিচালক হলেন শায়লা বানু ঝুমুর
সাউথইস্ট ব্যাংকের পরিচালক হলেন শায়লা বানু ঝুমুর
শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে আহত-নিহতের খবর গুজব, কোনও সংঘাতে জড়ায়নি বলছে পুলিশ
শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে আহত-নিহতের খবর গুজব, কোনও সংঘাতে জড়ায়নি বলছে পুলিশ
সর্বাধিক পঠিত
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব বসিয়েছিলেন তৌসিফ, সাহায্য করতেন বান্ধবী
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব বসিয়েছিলেন তৌসিফ, সাহায্য করতেন বান্ধবী