নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিকে ‘ইহুদিবিদ্বেষী’ এবং হামাসের ‘বন্ধু’ বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্তব্যের সমালোচনা করেছেন নিউইয়র্কের কয়েকজন শীর্ষস্থানীয় ইহুদি ডেমোক্র্যাট। তারা মামদানির পক্ষে অবস্থান নিয়ে বলেছেন, নেতানিয়াহুর এ ধরনের বক্তব্য পরিস্থিতি আরও উত্তপ্ত করতে পারে। ইরায়েলী সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে মামদানিকে বিশেষভাবে আক্রমণ করেন নেতানিয়াহু। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি কর্মকর্তাদের মামদানিবিরোধী বক্তব্য জোরালো হওয়ার পর নেতানিয়াহুর এই বক্তব্য আসে।
মামদানি প্রকাশ্যে নিজেকে জায়নবাদবিরোধী হিসেবে পরিচয় দেন। মেয়র নির্বাচনের প্রচারের সময় তিনি নেতানিয়াহুকে গ্রেফতারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরে অবশ্য স্বীকার করেন, গ্রেফতার করার ক্ষমতা তার নেই। গাজায় ইসরায়েলি সরকারের কর্মকাণ্ডেরও সমালোচনা করে আসছেন তিনি।
তবে ম্যানহাটন বরোর প্রেসিডেন্ট ব্র্যাড হোয়লম্যান-সিগালসহ নিউইয়র্কের কয়েকজন ইহুদি নেতা মনে করেন, জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য সীমা ছাড়িয়েছে। হোয়লম্যান-সিগাল বলেন, মামদানি হামাসকে সমর্থন করেন এমন ইঙ্গিত দেওয়া ভিত্তিহীন ও নিন্দনীয়। নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকার জুলি মেনিনও নেতানিয়াহুর মন্তব্যের সমালোচনা করে বলেন, এ ধরনের বক্তব্য কোনোভাবেই সহায়ক নয় এবং পরিস্থিতির উত্তাপ কমানো প্রয়োজন। নেতানিয়াহুর মন্তব্য সহিংসতায় উসকানি দিতে পারে বলেও সতর্ক করেন তিনি।
মামদানি হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিন্দা করেছেন এবং নিউইয়র্কে ইহুদিবিদ্বেষী অপরাধেরও সমালোচনা করেছেন। নেতানিয়াহুর বক্তব্যের জবাবে তিনি বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে তার সরকারের কর্মকাণ্ডকে আড়াল করতেই ইসরায়েলি প্রধানমন্ত্রী ভিত্তিহীন মিথ্যা পুনরাবৃত্তি করেছেন। আন্তর্জাতিক অপরাধ আদালতের যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার কথাও উল্লেখ করেন তিনি।
নেতানিয়াহুর লিকুদ পার্টির নির্বাচনি প্রচারেও মামদানিকে সমালোচনার অন্যতম লক্ষ্যবস্তু করা হয়েছে। হোয়লম্যান-সিগাল নেতানিয়াহুর জাতিসংঘের বক্তব্যকে রাজনৈতিক কৌশল হিসেবে বর্ণনা করেন। তবে নিউইয়র্কের জিওনিস্ট অর্গানাইজেশন অব আমেরিকার প্রেসিডেন্ট মর্টন ক্লেইন নেতানিয়াহুর বক্তব্যকে প্রশংসা করে তাকে গুরুত্বপূর্ণ ভাষণ হিসেবে উল্লেখ করেন।
এর আগে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলও নেতানিয়াহুর মামদানিবিরোধী বক্তব্যের সমালোচনা করেন। মামদানিকে হামাসের দানবদের সমর্থক বলা মিথ্যা এবং এতে নেতানিয়াহুই নিজের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করছেন বলে মন্তব্য করেন তিনি।
ইসলামাবাদে লংমার্চের নতুন তারিখ ঘোষণা, পাকিস্তানে কী ঘটছে?