ইসলামাবাদে লংমার্চের নতুন তারিখ ঘোষণা, পাকিস্তানে কী ঘটছে?

আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৯ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৭

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ঘোষিত ইসলামাবাদ অভিমুখে রবিবারের (২৭ সেপ্টেম্বর) লংমার্চ স্থগিত করা হয়েছে। কর্মসূচিটির নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ অক্টোবর। পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতৃত্বাধীন ফেডারেল ও পাঞ্জাব সরকারের নেওয়া ব্যাপক নিরাপত্তাব্যবস্থা এবং ট্রাফিক চলাচলে বিধিনিষেধের কারণে লংমার্চ আয়োজনের নানা অসুবিধা ও সম্ভাব্য পরিণতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে দলটি।

পিটিআইয়ের এই সিদ্ধান্ত কেন্দ্র ও পাঞ্জাব সরকারের সমন্বয়ে নেওয়া বিশাল নিরাপত্তা অভিযানকে বেশ বিপাকে ফেলেছে বলে মনে করা হচ্ছে। এই নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে পাঞ্জাব থেকে ইসলামাবাদে প্রবেশের পথগুলোতে কাঁটাযুক্ত ধাতব ব্যারিয়ার স্থাপন, পুরো শহরজুড়ে শিপিং কনটেইনার দিয়ে দেয়াল তৈরি এবং রেঞ্জার্সসহ বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল। পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে খাইবার পখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি দলের রাজনৈতিক কমিটির আনুষ্ঠানিক অনুমোদন নেওয়ার পর ঘোষণা করেন, নতুন তারিখে তাদের রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে পেশোয়ার থেকে জনসমুদ্র ইসলামাবাদের উদ্দেশে রওনা হবে। তিনি জানান, সিদ্ধান্তটি সম্পূর্ণ রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে নেওয়া হয়েছে এবং লংমার্চটি ৪ অক্টোবর পেশোয়ার থেকে যাত্রা শুরু করবে।

তবে পাকিস্তানের গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেদনটি লেখা পর্যন্ত তেহরিক তাহাফুজ-ই-আইন-ই-পাকিস্তান (টিটিএপি)-এ থাকা পিটিআইয়ের মিত্ররা এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে সমর্থন করেনি। সূত্রমতে, সমন্বয়হীনতার কারণে এই মতবিরোধ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি স্বীকার করেছেন, পিটিআই ও জোটের মধ্যে কিছুটা মতপার্থক্য রয়েছে। তবে তিনি জানান, লংমার্চ চলাকালে টিটিএপি নেতারা তার সঙ্গে মঞ্চে যোগ দেবেন।

দলীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য স্থগিতাদেশ নিয়ে প্রায় ৪০ ঘণ্টা ধরে জল্পনা-কল্পনা চলছিল। বিষয়টি নিয়ে প্রথমে খাইবার পখতুনখোয়া পর্যায়ে এক জুম সভায় আলোচনা হয়। পরে আনুষ্ঠানিক অনুমোদনের জন্য একটি রাজনৈতিক কমিটির সভা ডাকা হয়। সেখানে বড় ধরনের বিতর্ক ছাড়াই প্রস্তাবটি অনুমোদিত হয়। সূত্র জানায়, দলের একজন নেতা নতুন তারিখ ঘোষণা না করার পরামর্শ দিয়ে বলেছিলেন, এতে সরকারকে পিটিআইয়ের পরিকল্পনা সম্পর্কে অনিশ্চয়তায় রাখা যাবে। তবে আসাদ কায়সার এর সঙ্গে দ্বিমত পোষণ করে বলেন, নতুন তারিখ ছাড়া মার্চ স্থগিত করলে তা কর্মসূচি প্রত্যাহার হিসেবে ব্যাখ্যা হতে পারে। দলটি বিরোধীদলীয় নেতা মাহমুদ খান আচাকজাইকেও এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। রাজনৈতিক কমিটির চূড়ান্ত সিদ্ধান্তের পর একাধিক সংবাদমাধ্যমও ৪ অক্টোবর পর্যন্ত স্থগিতের বিষয়টি নিশ্চিত করে।

শহরে প্রবেশের প্রধান সড়কগুলোর পথ আটকে দিতে এক হাজারের বেশি শিপিং কন্টেইনার ব্যবহার করা হয়েছে। ছবি: রয়টার্স

আশ্চর্যের বিষয় হলো, আফ্রিদি শুক্রবার দুটি পৃথক সংবাদ সম্মেলন করেন। দিনের প্রথম সংবাদ সম্মেলনে তিনি যেকোনও মূল্যে মার্চ পরিচালনার অঙ্গীকার করলেও তারিখের বিষয়ে অস্পষ্ট ছিলেন। তবে দলীয় বৈঠকের পর রাতে সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে মার্চ ৪ অক্টোবর পর্যন্ত স্থগিত করার ঘোষণা দেন। আফ্রিদির মন্তব্য থেকে স্পষ্ট হয়, এই পদক্ষেপের অন্যতম উদ্দেশ্য ছিল পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের জন্মদিনের (৫ অক্টোবর) সঙ্গে মিলিয়ে ইসলামাবাদে কর্মসূচি পালন করা।

আফ্রিদি বলেন, ৫ অক্টোবর পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের জন্মদিনে কর্মীরা কেক কাটবেন এবং বিজয় দিবস হিসেবে উদযাপন করবেন। ২৭ সেপ্টেম্বরের লংমার্চ স্থগিতের সিদ্ধান্তটি পিটিআইয়ের রাজনৈতিক কমিটি গ্রহণ করেছে। আফ্রিদি জানান, দুই দিন আগেই কমিটির সামনে অক্টোবরের প্রথম সপ্তাহে মার্চটি পিছিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। দীর্ঘ পরামর্শের পর কমিটি ৪ অক্টোবর মার্চ আয়োজনের বিষয়ে সম্মত হয়। তিনি নিশ্চিত করেন, সিদ্ধান্তটি সর্বসম্মত ছিল এবং এই স্থগিতাদেশ একটি রাজনৈতিক কৌশলেরই অংশ। আফ্রিদি দাবি করেন, পরিকল্পিত এই মার্চকে ঘিরে কেন্দ্রীয় সরকার আতঙ্কিত হয়ে পড়েছে এবং খাইবার পখতুনখোয়ায় প্রবেশের সব পথ অবরুদ্ধ করে দিয়েছে।

আফ্রিদি জানান, লংমার্চের পরও আলোচনা অব্যাহত থাকবে। ইসলামাবাদকে যেভাবে কনটেইনার দিয়ে ঘিরে কনটেইনারের শহরে পরিণত করা হয়েছে, তার তীব্র সমালোচনা করেন তিনি। তিনি সতর্ক করে বলেন, ৪ অক্টোবর যারা রাস্তায় নেমে আসবে, তারা আর কারও নিয়ন্ত্রণে থাকবে না। তিনি বলেন, কর্তৃপক্ষ যদি কাউকে গ্রেফতার করতে চায় বা মার্চ থামাতে চায়, তবে তাদের ইউনিফর্ম পরে আসা উচিত। পিটিআই ইউনিফর্ম পরা সদস্যদের সম্মান করে, তবে সাধারণ পোশাকে কেউ এলে তাদের ভিন্নভাবে মোকাবিলা করা হবে। তিনি দাবি করেন, আদালত সঠিকভাবে কাজ শুরু করলে ইমরান খানকে এক মিনিটের মধ্যে মুক্তি দেওয়া সম্ভব। তিনি আরও যোগ করেন, সুপ্রিম কোর্ট পিটিআই প্রধানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিলেও তা বাস্তবায়িত হয়নি।

কেন্দ্রীয় সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘ক্লান্ত’ করার এক কৌশলগত প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। কারণ, ইতোমধ্যেই কেন্দ্রীয় রাজধানী এবং বেশ কয়েকটি বড় পথ অবরুদ্ধ করে রাখা হয়েছে। সূত্র দাবি করেছে, সড়ক বন্ধ রেখে এবং আইনশৃঙ্খলা খাতে সরকারের কোটি কোটি রুপি ব্যয় করিয়ে পিটিআই ইতোমধ্যেই তাদের প্রাথমিক উদ্দেশ্য অর্জন করে ফেলেছে। স্থগিতের এই ঘোষণাকে পিটিআই ও টিটিএপির কিছু সদস্য স্বাগত জানিয়ে বলেন, এর ফলে ৪ অক্টোবর পর্যন্ত বিশাল নিরাপত্তাব্যবস্থা বজায় রাখা বা নতুন করে তা গুছিয়ে নেওয়ার যে বিরাট ব্যয়, তা এখন সরকারের ঘাড়ে গিয়ে চাপল। টিটিএপির এক নেতা এই পদক্ষেপকে সরকারের জন্য এক বড় ধাক্কা হিসেবে বর্ণনা করে বলেন, কেবল মার্চ স্থগিত করেই মুখ্যমন্ত্রী সুবিধাটি নিজের পক্ষে নিয়ে নিয়েছেন। পিটিআইকে ঠেকানোর এই ব্যবস্থাগুলো দীর্ঘ সময় ধরে চালু রাখতে গিয়ে সরকারকে বিশাল আর্থিক ও প্রশাসনিক চাপে পড়তে হবে।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

/এফআর/এসএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাহাড়, মেঘ আর ঝরনার মায়ায় বান্দরবানের আলীকদম
পাহাড়, মেঘ আর ঝরনার মায়ায় বান্দরবানের আলীকদম
হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪
হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪
ভারতের এক রাজ্যে মদ খেয়ে ১৯ জনের মৃত্যু
ভারতের এক রাজ্যে মদ খেয়ে ১৯ জনের মৃত্যু
ইরানে বাস উল্টে নিহত ১১, আহত ২৪
ইরানে বাস উল্টে নিহত ১১, আহত ২৪
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়