পারস্য উপসাগরীয় অঞ্চলে ইসরায়েল যদি কোনও ধরনের সামরিক দুঃসাহস বা উসকানি দেখায়, তবে বৈশ্বিক বাজারে এর ‘ধ্বংসাত্মক প্রভাব’ পড়বে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলের উসকানিতে কোনও সামরিক দুঃসাহস দেখা দিলে আন্তর্জাতিক বাজারে এর ধ্বংসাত্মক প্রভাব পড়বে, যা গ্যাস সরবরাহকারী ও ভোক্তা-উভয়পক্ষের জন্যই এক বড় উদ্বেগের বিষয়।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে রাশিয়ার মস্কোতে আয়োজিত গ্যাস রফতানিকারক দেশগুলোর জোটের (জিইসিএফ) সম্মেলনে যোগ দেওয়ার পর এই সতর্কবার্তা দেন তিনি।
সম্প্রতি গত ২৮ ফেব্রুয়ারি ইরান ওপর আমেরিকা ও ইসরায়েলের আকস্মিক আক্রমণের মাধ্যমে যে যুদ্ধের সূচনা হয়েছিল, সেই যুদ্ধের অংশ হিসেবেই ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর সম্ভাবনা জোরদার করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
অন্যদিকে হাড্ডাহাড্ডি নির্বাচনের পর নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় থাকা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বুধবার জানান, ইরানের সৃষ্টি করা ‘অস্তিত্বের হুমকি’ নির্মূল করতে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে পারেন।
ট্রাম্পের সমর্থনেই কি ঘুরে দাঁড়ালেন নেতানিয়াহু?