ইরাক ও সিরিয়াভিত্তিক সশস্ত্র সুন্নিপন্থী সংগঠন আইএসের নৃশংসতার ভিডিও প্রকাশ এখন আর নতুন কিছু নয়। তবে সম্প্রতি সংগঠনটির এক সদস্যের হেলমেটে লাগানো ক্যামেরা থেকে ভিন্নধর্মী এক ফুটেজ প্রকাশ করেছে নিউ ইয়র্কভিত্তিক টেলিভিশন চ্যানেল ভাইস নিউজ।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উত্তর ইরাকের এক রণক্ষেত্রে আইএস সদস্যরা কুর্দিদের বিরুদ্ধে লড়াইয়ে হেরে যাওয়ার পর সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
ভাইস নিউজ কিভাবে ফুটেজটি পেয়েছে সেটা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট বলছে, আইএস জঙ্গিদের বাজেভাবে উপস্থাপনের জন্য পেশমার্গা যোদ্ধারা ভিডিওটি সম্পাদনা করেছে।
ভাইস নিউজ বলছে, মসুল নগরীর ৩০ মাইল উত্তরের পেশমার্গা এলাকায় লড়াইয়ে নিহত এক আইএস সদস্যের হেলমেট থেকে তারা ওই ফুটেজটি পেয়েছে। তবে টিভি চ্যানেলটির এমন দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে ইতোপূর্বে হেডক্যাম বা হেলমেটে লাগানো ক্যামেরা থেকে আইএস যেসব ভিডিও প্রচার করেছিল সেগুলোর সঙ্গে এর মিল রয়েছে।
মূলত আইএসের প্রচারণায় ব্যবহৃত ফুটেজের জন্যই ওই জঙ্গির হেলমেটে ক্যামেরাটি সেট করা হয়। তবে অবিকৃত অবস্থায় এটি প্রকাশের ফলে জঙ্গিদের সে পরিকল্পনা ভেস্তে যায়। সামনে আসে রণাঙ্গনের বাস্তবতা।
আরও পড়ুন: সিরিয়ায় অস্ত্রবিরতি উপেক্ষা করে হাসপাতালে হামলা, নিহত ২০
আইএসের দিক থেকে নিজেদের জঙ্গিদের ফুটেজ প্রকাশের ঘটনা অবশ্য বেশ পুরনো বিষয়। যার শুরুটা হয়েছিল এক আত্মঘাতী আইএস সদস্যকে দিয়ে। অপারেশনে যাওয়ার আগে সহযোদ্ধাদের প্রতি বিদায় জানান তিনি।
আরও পড়ুন: ভাঙছে জাতীয়তার গণ্ডি, মানুষের দৃষ্টি এখন বিশ্বনাগরিকতায়
ভাইস নিউজের ফুটেজে দেখা যায়, হোমমেড গ্রেনেড আর জার্মানির তৈরি মেশিনগান নিয়ে লড়াই করছে জঙ্গিরা। এ সময় তাদের নিজেদের মধ্যকার কথোপকথনে জানা যায় আবু হাজার নামের এক জঙ্গির ব্যাপারে অভিযোগের সুর শোনা যায়। সূত্র: ইন্ডিপেনডেন্ট, ভাইস নিউজ।
আরও পড়ুন: ওবামার পররাষ্ট্রনীতিকে ‘পুরোপুরি বিপর্যয়’ বললেন ট্রাম্প
/এমপি/বিএ/








