মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার লড়াই থেকে সরে দাঁড়ালেন ওহিও গভর্নর জন কাসিচ। ইন্ডিয়ানা প্রাইমারিতে হারের পর টেড ক্রুজ সরে দাঁড়ানোতে কাসিচই ছিলেন ডোনাল্ড ট্রাম্পের একমাত্র প্রতিদ্বন্দ্বী। কাসিচ সরে দাঁড়ানোতে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হচ্ছেন নিশ্চিতভাবেই ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, ওয়াশিংটনে প্রচারণার সব কর্মসূচি বাতিল করে বুধবার সন্ধ্যায় নিজ রাজ্যে এক অনুষ্ঠান আহ্বান করেছেন কাসিচ। এর আগে বুধবার সকালে স্টার-ওয়ার্স থিমে একটি বিজ্ঞাপন প্রচার করে দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তিনিই একমাত্র আশা।
আরও পড়ুন: ট্রাম্পের প্রেসিডেন্ট প্রার্থিতা নিশ্চিতে বিশ্ব মিডিয়ার প্রতিক্রিয়া
তবে কাসিচ প্রতিদ্বন্দ্বীতা করলেও ট্রাম্পকে হারিয়ে দলের মনোনয়ন পাওয়ার কোনও সম্ভাবনা ছিল না। কারণ রিপাবলিকানদের হয়ে প্রার্থিতা পাওয়ার ক্ষেত্রে মনোনয়ন প্রত্যাশীদেরকে অন্তত ১২৩৭ ডেলিগেটসের সমর্থন পেতে হয়। আর ট্রাম্প এরইমধ্যে ১০৪৭ জন ডেলিগেটসের সমর্থন পেয়েছেন। অন্যদিকে ক্রুজ সরে দাঁড়ানোর পর ট্রাম্পের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন কাসিক, যিনি এখন পর্যন্ত মাত্র ১৫৩ জন ডেলিগেটসের সমর্থন নিশ্চিত করতে পেরেছেন। মনোনয়নের জন্য ট্রাম্পের আর মাত্র ১৯০ ডেলিগেটসের সমর্থন প্রয়োজন। বিপরীতে কাসিকের প্রয়োজন ছিল ১০৮৪ জন ডেলিগেটসের সমর্থন। অথচ মাত্র ৫২০ ডেলিগেটসের সমর্থন দেওয়া বাকি। সূত্র: বিবিসি।
/এএ/







