জিকা সংক্রমণের আশঙ্কায় ব্রাজিলের রিও ডি জেনিরো অলিম্পিক স্থগিত অথবা অন্যস্থানে সরিয়ে নেওয়ার ১৫০ বিজ্ঞানীর দাবি প্রত্যাখ্যান করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিজ্ঞানীরা এক খোলা চিঠিতে সংস্থাটিকে তাদের আশঙ্কার কথা জানালেও তা আমলে নেওয়া হয়নি। ফলে এবারের অলিম্পিক রিও ডি জেনিরোতেও অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে কোনও বাধা থাকছে না।
ডব্লিউএইচও-কে লেখা খোলা চিঠিতে বিজ্ঞানীরা বলেন, জিকা সংক্রমণ রোধে তেমন কোনও অগ্রগতি দেখা যায়নি। এই অবস্থায় অলিম্পিক আয়োজন করাকে তারা ‘অনৈতিক’ বলে উল্লেখ করেছেন। বিজ্ঞানীরা জিকা সংক্রমণ রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে কার্যকর ভূমিকা রাখারও অনুরোধ জানান। জিকা থেকে রক্ষায় করণীয় হিসেবে ডব্লিউএইচও-এর নির্দেশিকায় পরিবর্তন আনতে হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
ওই চিঠি প্রত্যাখ্যান করে ডব্লিউএইচও-এর পক্ষ থেকে বলা হয়েছে, অলিম্পিক বন্ধ করে দিলে বা তা অন্যত্র সরিয়ে নিলেও জিকা প্রতিরোধে কোনও কার্যকর পদক্ষেপ রাখা হবে না। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষ থেকেও বলা হয়, মশাজনিত একটি রোগের জন্য অলিম্পিক আয়োজন স্থগিত করার কোনও যৌক্তিকতা নেই। চলতি বছরের ৫ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার কথা।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের শীর্ষ ১৫০ বিজ্ঞানী, চিকিৎসক স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, রিও অলিম্পিক দেখতে সারা বিশ্ব থেকে পাঁচ লাখেরও বেশি মানুষ ব্রাজিলে উপস্থিত হবেন। এদের অনেকেই হয়তো জিকা ভাইরাসে আক্রান্ত হবে এবং এর কারণে দেশে দেশে জিকা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। এভাবে অনেক গরিব দেশেও জিকা ছড়িয়ে পড়তে পারে।
ওই খোলা চিঠিতে অভিযোগ করা হয়, ডব্লিউএইচও-এর সঙ্গে অলিম্পিক কমিটির সম্পর্ক থাকায় সংস্থাটি অলিম্পিক আয়োজন স্থগিত করতে কড়া পদক্ষেপ নিচ্ছে না।
উল্লেখ্য, এক বছর আগে ব্রাজিলে জিকা ভাইরাসের প্রকোপ শুরু হয়। বর্তমানে বিশ্বের ৬০টি দেশ ও অঞ্চলে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। জিকা ভাইরাসের হালকা প্রকোপেই তুলনামূলক ছোট মাথা নিয়ে শিশুর জন্ম হয়। এ ছাড়া জিকা আক্রান্ত প্রাপ্ত বয়স্ক ব্যক্তিদের মধ্যে মারাত্মক শারীরিক জটিলতা লক্ষ্য করা যায়। সূত্র: বিবিসি।
আরও পড়ুন:
এগিয়ে আসছে আইএস, পালানোর রাস্তা খুঁজছেন লক্ষাধিক সিরীয়
আপাতত উমর-অনির্বাণদের সাজা দিতে পারছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
এই পথ ধরেই তাদের স্কুলে যেতে হয়
/এসএ/বিএ/








