সিরিয়ায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তুর্কি সীমান্তবর্তী আজাজ এবং মারিয়া শহরের দিকে এগিয়ে আসছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। এতে ওই অঞ্চলে লক্ষাধিক মানুষ আটকা পড়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, মারিয়া এবং আজাজ ২০১২ সাল থেকেই বিদ্রোহীদের দখলে রয়েছে। শহরগুলো রসদ সরবরাহ পেতো তুরস্ক থেকে। কিন্তু কয়েক মাসের চেষ্টায় আইএস ওই রসদ সরবরাহের রাস্তা দখল করে নেয়। তুরস্কের সীমান্তও বন্ধ রয়েছে আগে থেকেই। ফলে শহরগুলোতে লক্ষাধিক মানুষ আটকা পড়েছেন। শুক্রবার এক বিবৃতিতে আইএস জানিয়েছে, তারা অতর্কিত হামলায় আজাজ শহরের নিকটবর্তী কয়েকটি গ্রাম দখল করে নিয়েছে।
আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইথাউট বর্ডারস (এমএসএফ)-এর পক্ষ থেকে শুক্রবার (২৭ মে) বলা হয়েছে, আলেপ্পো প্রদেশের বিদ্রোহী নিয়ন্ত্রিত আজাজ শহরের দিকে এগিয়ে আসছে আইএস। এমএসএফ-এর মধ্যপ্রাচ্য বিষয়ক পরিচালক পাবলো মার্কো বলেন, ‘আমরা আমাদের হাসপাতাল এবং রোগীদের ভবিষ্যত সম্পর্কে শঙ্কিত। তুর্কি সীমান্ত অঞ্চলে অন্তত ১ লাখ মানুষ আটকা পড়েছেন।’
তিনি বলেন, ‘আগে যুদ্ধক্ষেত্র ছিল আল-সালামাহ থেকে সাত কিলোমিটার দূরে। এখন তা মাত্র তিন কিলোমিটারের পথ। যুদ্ধক্ষেত্র শহরের কাছাকাছি চলে আসায়, স্থানীয় জনগণের পক্ষে এখান থেকে পালানোর কোনও সুযোগও থাকছে না।’ আটকে পড়া সিরীয়দের মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের স্থানীয় আজাজ শহরের আল-সালমাহ হাসপতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।
এদিকে মামুন খাতিব নামের এক সাংবাদিক এএফপি-কে জানিয়েছেন, আইএস তুর্কি সীমান্তবর্তী আজাজ এবং মারিয়া শহরের মধ্যকার সংযোগ সড়ক বন্ধ করে দিয়েছে। এতে মারিয়ায় অন্তত ১৫ হাজার মানুষ আটকা পড়েছে বলে তিনি জানান। সূত্র: আলজাজিরা।
আরও পড়ুন:
আপাতত উমর-অনির্বাণদের সাজা দিতে পারছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
১৫০ বিজ্ঞানীর দাবি প্রত্যাখ্যান, অলিম্পিক ব্রাজিলেই
হাডসন নদীতে বিধ্বস্ত হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বিমান
/এসএ/বিএ/







