ছবিতে যে মইটি দেখা যাচ্ছে, সেটি একটি স্কুলে যাওয়ার পথ। যারা ওই পথ বেয়ে উঠে যাচ্ছে, তারা সবাই ওই স্কুলের শিক্ষার্থী। চীনের পাহাড়ি এক গ্রামের শিশুদের স্কুলে যাওয়ার দুর্গম পথ ধরা পড়েছে ওই ছবিতে। চেন ঝি নামের একজন আলোকচিত্রী এই ছবিটি সহ আরও কিছু ছবি তুলেছেন ওই স্কুলের। সেই ছবিগুলো প্রকাশিত হয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে। এর পরপরই ব্যাপক আলোচনায় এসেছে স্কুলটি।
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশের একটি গ্রাম আতুলার। পাহাড়ি এ গ্রামে ৭২টি চীনা পরিবারের বসবাস। প্রতিটি পরিবারেই আছে শিশু। গ্রামের শিশুদের ভারী ব্যাগ নিয়ে পাড়ি দিতে হয় ওই স্থান। খাড়া পাহাড়ে স্থাপিত বিশেষ ধরনের মই বেয়ে যেতে হয় স্কুলে। প্রায় ২ হাজার ৬২৫ ফুট উঁচুতে স্কুলে যেতে তাদের সময় লাগে দেড় ঘণ্টার বেশি সময়। স্কুলগামী এসব শিশুর বয়স ৬ থেকে ১৫ বছরের মধ্যে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এরইমধ্যে ওই দুর্গম পথ দিয়ে ওঠা-নামা করতে গিয়ে সাত থেকে আটজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে।
অবশ্য তাদের প্রতিদিন এভাবে পাহাড়ি পথ পাড়ি দিতে হয় না। আবাসিক ওই স্কুল থেকে মাসে তারা কয়েকবার বাবা-মায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার সুযোগ পায়। তখনই তাদের এই পথ পাড়ি দিতে হয়।
বেইজিংয়ের ফটোগ্রাফার চেন ঝি গ্রামবাসীদের সঙ্গে তিনদিন কাটিয়ে স্কুলে যাওয়ার ওই পাহাড়ি পথের ছবিগুলো ক্যামেরাবন্দি করেন। তিনি বলেন, ‘যে কোনো ধরনের দুর্ঘটনার শিকার হলেই আপনি গভীয় খাদে পড়ে যাবেন।’ স্কুলগামী এসব শিশুর ছবি সমাজের পরিবর্তন আনবে এবং দরিদ্র গ্রামবাসীর সহায়তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসবে বলে বিশ্বাস করেন চেন ঝি। সূত্র: সিএনএন।
আরও পড়ুন:
এগিয়ে আসছে আইএস, পালানোর রাস্তা খুঁজছেন লক্ষাধিক সিরীয়
১৫০ বিজ্ঞানীর দাবি প্রত্যাখ্যান, অলিম্পিক ব্রাজিলেই
হাডসন নদীতে বিধ্বস্ত হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বিমান
/বিএ/
আপ- /এসএ/








