নতুন কয়েকটি গবেষণায় করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে আশাবাদী হয়ে উঠছেন বিজ্ঞানীরা। আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়ালেও মারাত্মক অসুস্থতা এবং হাসপাতালে ভর্তির পরিমাণ কম। কোনও কোনও বিজ্ঞানী বলছেন, এই তথ্য একটি নতুন এবং মহামারির কম ভীতিজনক অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে।
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ইমিউনোলোজিস্ট মোনিকা গান্ধী বলেন, ‘আমরা বর্তমানে সম্পূর্ণ ভিন্ন পর্যায়ে আছি। ভাইরাসটি সবসময় আমাদের সঙ্গে থাকবে, কিন্তু আমি আশা করছি এই ভ্যারিয়েন্টটি আমাদের এতো বেশি প্রতিরোধ ক্ষমতা দেবে যে, তাতে করে মহামারি শেষ হয়ে যাবে।’
মাত্র মাসখানেক আগে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয় ওমিক্রন ভ্যারিয়েন্ট। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, পরিস্থিতি বদলে যাওয়ার এখনো অনেক সময় রয়েছে। কিন্তু গত এক সপ্তাহের তথ্য বলছে ব্যাপক প্রতিরোধ ক্ষমতা এবং ভাইরাসের বিভিন্ন পরিবর্তনের সমন্বয়ে রোগের তীব্রতা আগের যেকোনও সময়ের চেয়ে কমে গেছে।
দক্ষিণ আফ্রিকার পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, ওমিক্রন দাপটের মধ্যে চলা সংক্রমণের চতুর্থ ঢেউয়ের সময় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের তীব্র অসুস্থতা আগের ডেল্টা ভ্যারিয়েন্ট প্রভাবিত তৃতীয় ঢেউয়ের চেয়ে ৭৩ শতাংশ কম।
কেপটাউন বিশ্ববিদ্যালয়ের ইমিউনোলোজিস্ট ওয়েন্ডি বার্গারস বলেন, ‘বর্তমানে নিরেট তথ্য পাওয়া যাচ্ছে যে, হাসপাতালে ভর্তি এবং আক্রান্তের পরিমাণ কমছে।’
সূত্র: ব্লুমবার্গ








