ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর চাসিভ ইয়ারের আশপাশে বিশাল সেনাবাহিনী মোতায়েন করেছে রাশিয়া। শনিবার (২ মার্চ) মার্কিন বার্তা সংস্থা-এপি এ খবর জানিয়েছে।
শুক্রবার ইউক্রেনের এক কর্মকর্তা ইলিয়া ইয়েভলাশ রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টিকে জানান, ডোনেস্ক অঞ্চল পুরোপুরি দখলে নেয়ার জন্যই রুশ বাহিনী এ তৎপরতা চালাচ্ছে।
তিনি আরও বলেন, গত মে মাসে রুশ বাহিনী ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর বাখমুত দেখলে নেয়ার পর, এখন কোস্টিয়ানতিনিভকা, ক্রামতোর্স্ক এবং স্লোভিয়ানস্কের দিকে অগ্রসর হচ্ছে।
তার দাবি, গত তিন সপ্তাহ ধরেই রুশ পদাতিক বাহিনীর অব্যাহত হামলার মুখে পড়েছে তারা। রুশ বাহিনী নানা ধরনের কামান ও ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে।
যদিও রাশিয়ার হামলাগুলো বেশ ধীর গতির এবং ব্যয়বহুল। তারপরও ইউক্রেন বাহিনী এখন পর্যন্ত পশ্চিমা সামরিক সহায়তা না পাওয়ায় তাদের, গোলাবারুদ কমে গেছে। ফলে তারা রুশ বাহিনীকে উপযুক্ত জবাব দিতে পারছে না বলে জানিয়েছেন ইলিয়া ইয়েভলাশ।
এদিকে, শুক্রবার খারকিভ অঞ্চল সফর করেন ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট। এসময় প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে ডাচ প্রধানমন্ত্রীর এক দ্বীপক্ষীয় চুক্তি হয়। চুক্তি মতে, চলতি বছর ইউক্রেনকে দুই বিলিয়ন সামরিক সহায়তা এবং আগামী ১০ বছরে প্রতিরক্ষা সহায়তা দিয়ে যাবে নেদারল্যান্ডস।
শুক্রবার এক পোস্টে,ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ফেব্রুয়ারিতে তাদের সশস্ত্র বাহিনী ১৩টি রাশিয়ান বিমানকে গুলি করে ভূপাতিত করেছে। ২০২২ সালের পর থেকে এ পর্যন্ত এটিকে তাদের সবচেয়ে বড় সফলতা হিসেবে মনে করছেন প্রতিরক্ষামন্ত্রী।








