যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটির কাছে সন্দেহজনক বোমা হামলার পরিকল্পনার অভিযোগে আটক পাঁচজনকে জামিনে মুক্তি দিয়েছে পুলিশ। ঘাঁটির কাছাকাছি তিনটি ভ্যানে সন্দেহজনক বস্তু নিয়ে তারা কেন অবস্থান করছিল, তা তদন্ত করছে কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
আটক পাঁচজনই ব্রিটিশ নাগরিক এবং লন্ডনের বাসিন্দা। তাদের বয়স ২০-এর কোঠায়- একজনের বয়স ২৩, তিনজনের ২৪ এবং একজনের ২৫ বছর। রবিবার ভোরে গ্লুচেস্টারশায়ারের গ্রামাঞ্চল থেকে তাদের আটক করা হয়। বিস্ফোরক-সংক্রান্ত অপরাধ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে তাদের গ্রেফতার করা হয়েছিল। তদন্তে ইরানের সঙ্গে সম্ভাব্য যোগসূত্রও গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে বিবেচনা করা হচ্ছে।
পুলিশের তদন্তকারী সূত্রে জানা গেছে, তাদের জামিনে মুক্তি পাওয়ার বিষয়টি ইঙ্গিত করে, ওই বিমানঘাঁটির কাছে বোমা ফাটিয়ে বড় ধরনের হতাহতের কোনও পরিকল্পনা তারা করছিল না; এমনটাই মনে করছেন গোয়েন্দারা। ভ্যানগুলোর প্রাথমিক পরীক্ষার পর সেগুলোতে বিস্ফোরক থাকতে পারে বলে সন্দেহ করেছিল পুলিশ এবং সেগুলোর আইইডি বা ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস কার্যকারিতা মূল্যায়ন করা হচ্ছিল। তবে সন্দেহভাজনদের মুক্তির পর এটি স্পষ্ট হয়েছে, ভ্যান থেকে কোনও বিস্ফোরক উপাদান পাওয়া যায়নি।
যুক্তরাজ্যের কাউন্টার টেররিজম পুলিশের প্রধান, অ্যাসিস্ট্যান্ট কমিশনার লরেন্স টেলর জানিয়েছেন, জামিন পাওয়ার মানে এই নয় যে তদন্ত শেষ হয়ে গেছে; বরং তারা ‘কঠোর শর্তের’ অধীনে রয়েছেন। তিনি বলেন, বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট এই ঘটনার সঙ্গে যুক্ত কি না, সে বিষয়ে ব্যাপক আগ্রহ রয়েছে তা আমি জানি। আমরা প্রতিটি সম্ভাব্য দিক থেকে বিষয়টি বিবেচনা করছি। এর মধ্যে কোনও বিদেশি রাষ্ট্রের পক্ষে বা প্রক্সির মাধ্যমে এমন কর্মকাণ্ড চালানো হয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
যুক্তরাজ্যে প্রক্সির মাধ্যমে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর জন্য ইরানকে সন্দেহ করা হয়। তবে লন্ডনে অবস্থিত ইরানের দূতাবাস এই ঘটনার সঙ্গে যেকোনও ধরনের সম্পৃক্ততা জোরালোভাবে অস্বীকার করে একে ‘বানোয়াট জল্পনা’ ও ‘ইসলামভীতি ছড়ানোর অপচেষ্টা’ বলে অভিহিত করেছে।
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী ব্যবহৃত এই ঘাঁটিটি নিয়ে ডোনাল্ড ট্রাম্প রবিবার দাবি করেছিলেন যে, ধৃত ব্যক্তিরা ওই ঘাঁটিতে বড় ধরনের ক্ষতি করার পরিকল্পনা করছিল। সোমবার ট্রাম্প এই সন্দেহভাজনদের জামিন পাওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করে বলেন, ‘আমি হলে তাদের মুক্তি দিতাম না’।
মার্কিন বিমানঘাঁটির কাছে সন্ত্রাসী হামলার প্রস্তুতি, ৫ জন আটক