কেবল পছন্দ নয়, মানুষের ক্ষোভ আর অপছন্দকে হাতিয়ার করেও যে পণ্য ক্রয়ে প্ররোচিত করা যায় আবারও তার প্রমাণ মিলেছে। কয়েকটি চীনা কোম্পানি ট্রাম্পের নামে টয়লেট পেপার ছেড়েছে। আর তা ব্যাপকভাবে বিক্রি হচ্ছে যুক্তরাষ্ট্রের বাজারে। ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া-পিটিআইয়ের এক খবর থেকে এসব কথা জানা গেছে।
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন কারণেই আলোচিত ও সমালোচিত হচ্ছেন। মনোনয়ন লড়াইয়ের সময় ট্রাম্প অভিযোগ করেছিলেন, চীনারা মার্কিন নাগরিকদের চাকরি কেড়ে নিচ্ছেন এবং যুক্তরাষ্ট্রের বাজার থেকে লাভ তুলে নিচ্ছেন।ধারণা করা হচ্ছে, ট্রাম্পের এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়েই চীনা কোম্পানি ট্রাম্পের নামে বাজারে টয়লেট পেপার ছেড়েছে। এতে ট্রাম্পের মুখের ছবি ব্যবহার করা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জিনহুয়া জানিয়েছে একটি নয়, বেশ কয়েকটি চীনা কোম্পানি ট্রাম্প টয়লেট পেপার উৎপাদন করছে। এসব কোম্পানির স্লোগান হচ্ছে ‘ডাম্প উইদ ট্রাম্প’। ক্রেতারা ট্রাম্পের মুখের বিভিন্ন অঙ্গভঙ্গির ছবি সম্বলিত টয়লেট পেপার কিনতে পারছেন। কখনও হাস্যোজ্জ্বল মুখের ট্রাম্পের ছবি সম্বলিত টয়লেট পেপার, কখনও তার বিস্ফোরিত ভঙ্গির ছবিযুক্ত টয়লেট পেপার, কখনও আবার কথা বলার মুখভঙ্গী সম্বলিত টয়লেট পেপার পছন্দ করছেন ক্রেতারা।
ট্রাম্পের ছবিসম্বলিত টয়লেট পেপারের অন্যতম প্রস্তুতকারী কিংডাও ওয়েলপেপার ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি জানিয়েছে, ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে ট্রাম্প টয়লেট পেপারের বিক্রি বেড়েছে। তারা এরমধ্যেই ৫০টি অর্ডার পেয়েছেন। এতে প্রায় ৫ হাজার রোলের অর্ডার দেওয়া হয়েছে। বেশির ভাগ অর্ডারই এসেছে খোদ যুক্তরাষ্ট্র থেকে। চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাতে দেখা গেছে ৭০টিরও বেশি চীনা কোম্পানি এ টয়লেট পেপার বিক্রি করছে। জিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নাগরিকরা ট্রাম্প টয়লেট পেপারটি বেশ পছন্দ করছেন।
চীনে এ টয়লেট পেপারের পাইকারি মূল্য গড়ে ৫০ ইউএস সেন্টস। পাওয়া যাচ্ছে অনলাইন শপিং প্লেস অ্যামাজন ও ইবে-তে।
এ টয়লেট পেপারের একজন অন্যতম ব্যবহারকারী যুক্তরাষ্ট্রের জাতীয় নারী সকাল দলের সদস্য সিডনি লেরক্স। গত মাসে ট্রাম্প টয়লেট পেপারের একটি ছবি তিনি ইন্সটাগ্রামে প্রকাশ করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার স্বামী মাত্রই বেশ কয়েকটি এই টয়লেপ পেপারের কেনার জন্য অর্ডার দিয়েছেন। আমি তাকে খুব ভালোবাসি।’ সূত্র: পিটিআই।
আরও পড়ুন:
- ফালুজা থেকে পালানোর সময় মানুষকে গুলি করে হত্যা করছে আইএস
- ‘পূর্বে তাকাও নীতি সফল করতে’ বাংলাদেশে আসছে ভারতের রেডিও
- সন্দেহভাজন তালেবান হামলায় বিখ্যাত মার্কিন সাংবাদিক নিহত
/এএ/বিএ/








