আত্মহত্যার চেষ্টা করার পর চেলসি ম্যানিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হতে পারে। অভিযোগ প্রমাণিত হলে অনির্দিষ্টকাল নির্জন কারাবাসের শাস্তি পেতে পারেন তিনি। আইনি অধিকার সংস্থা দ্য আমেরিকান সিভিল লিবারটিস ইউনিয়ন (আকলু) এ আশঙ্কা প্রকাশ করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার আকলু জানিয়েছে, চেলসি ম্যানিং বর্তমানে সামরিক কারাগারে ৩৫ বছর কারাভোগ করছেন। যুক্তরাষ্ট্রের গোপন নথি উইকিলিকসের কাছে ফাঁসের অভিযোগে এ কারাভোগ করছেন তিনি। ৫ জুলাই আত্মহত্যা চেষ্টার কারণে তার বিরুদ্ধে তিনটি অভিযোগের তদন্ত করা হচ্ছে।
এর আগে চলতি মাসেই ম্যানিং আইনজীবীর মাধ্যমে নিশ্চিত করেন আত্মহত্যার চেষ্টার পর তিনি চিকিৎসা নিয়েছেন।
আকলু জানিয়েছে, নতুন যে তিনটি অভিযোগ তদন্ত করা হচ্ছে তা প্রমাণিত হলে তার অবশিষ্ট কারাদণ্ড তাকে নির্জন কারাবাসে ভোগ করতে হবে। সর্বোচ্চ নিরাপত্তার কারা সেলে তাকে নেওয়া হতে পারে। এতে করে তার কারাদণ্ডের মেয়াদ আরও ৯ বছর বাড়তে পারে।
এছাড়া এর ফলে তার পেরেলো মুক্তির সম্ভাবনাও শেষ হয়ে যাবে বলে মনে করে আকলু।
উল্লেখ্য, উইকিলিকসের কাছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাত লাখ গোপন নথি ফাঁস করার দায়ে ২০১৩ সালে ম্যানিং দোষী সাব্যস্ত হন। তিনি ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর গোয়েন্দা তথ্য বিশ্লেষক হিসেবে কাজ করতেন।
ব্র্যাডলি ম্যানিং হিসেবে অভিযুক্ত হলেও পরবর্তীতে হরমোন থেরাপি নিয়ে তিনি নারী হিসেবে আত্মপ্রকাশ করে চেলসি ম্যানিং নাম ধারণ করেন। সূত্র: দ্য গার্ডিয়ান।
আরও পড়ুন:
- ট্রাম্পের প্রতি যুদ্ধে নিহত মুসলিম-আমেরিকান সেনার বাবা: আপনি কখনও কাউকে ও কিছুই বিসর্জন দেননি
- ফ্রান্সের মসজিদে বিদেশি তহবিল বন্ধে আইএসের হামলা বৃদ্ধির আশঙ্কা
/এএ/








