ভিন্ন ধর্ম, এক লক্ষ্য: বিশ্বকাপে ঐক্যের নজির

আন্তর্জাতিক ডেস্ক 
১৯ জুন ২০২৬, ১২:১৩আপডেট : ১৯ জুন ২০২৬, ১২:১৬

বিশ্বকাপে অংশ নেওয়া অনেক দেশের সমাজ রাজনৈতিক ও সামাজিক বিভাজনে আক্রান্ত হলেও তাদের জাতীয় ফুটবল দলগুলো ভিন্ন পটভূমি ও ধর্মীয় বিশ্বাসের খেলোয়াড়দের একসঙ্গে কাজ করার অনন্য উদাহরণ হিসেবে সামনে এসেছে। বিশেষ করে পশ্চিম ইউরোপের দলগুলোর ক্ষেত্রে বিষয়টি বেশি দৃশ্যমান। একসময় এসব দলের অধিকাংশ খেলোয়াড় ছিলেন শ্বেতাঙ্গ ও খ্রিস্টান। তবে সমাজে বৈচিত্র্য বাড়ার সঙ্গে সঙ্গে জাতীয় দলগুলোর খেলোয়াড় তালিকাও বদলেছে। এখন সেখানে খ্রিস্টান ও মুসলিম উভয় ধর্মাবলম্বী খেলোয়াড়ই নিজেদের বিশ্বাস প্রকাশ্যে তুলে ধরছেন।

ইংল্যান্ডের জাতীয় দলে এবার প্রথমবারের মতো একজন মুসলিম খেলোয়াড় রয়েছেন। ফ্রান্সের দলে আছেন প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক ও মুসলিম পটভূমির একাধিক ফুটবলার। স্পেনের উদীয়মান তারকা ১৮ বছর বয়সী লামিন ইয়ামাল একজন অনুসারী মুসলিম। সুইডেনের ইয়াসিন আয়ারিও মুসলিম। তিউনিসিয়ার বিপক্ষে জোড়া গোলের প্রথমটি করার পর তিনি মাঠেই সেজদা দিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান।

যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন ও সুইডেনসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে মুসলিম অভিবাসনকে ঘিরে রাজনৈতিক মেরুকরণ দেখা গেলেও বিশ্বকাপের দলগুলো ভিন্ন এক বার্তা দিচ্ছে বলে মনে করেন পর্যবেক্ষকরা।

ইন্টারফেইথ আমেরিকার সভাপতি এবু প্যাটেল বলেন, এই বৈচিত্র্য একইসঙ্গে প্রতীকী এবং বাস্তব। খ্রিস্টান খেলোয়াড়দের ক্রুশচিহ্ন আঁকা এবং মুসলিম খেলোয়াড়দের দোয়ার জন্য হাত তোলার দৃশ্য দেখিয়ে তিনি বলেন, নিজেদের পরিচয় তাদের কাছে গুরুত্বপূর্ণ এবং সেটিই তাদের আরও ভালো খেলোয়াড় হতে সাহায্য করে।

তার ভাষায়, তারা গোল করে, নিজ নিজ ধর্মীয় প্রার্থনা করে, তারপর একে অপরকে আলিঙ্গন করে। এভাবেই একটি সম্প্রদায় ও দল গড়ে ওঠে।

বিশ্বকাপে ধর্মীয় পরিচয় প্রকাশ্যে তুলে ধরা খেলোয়াড়দের মধ্যে রয়েছেন মিসরের মোহাম্মদ সালাহ। সুন্নি মুসলিম এই তারকা গোল করার পর প্রায়ই সেজদা দিয়ে কৃতজ্ঞতা জানান। গবেষকদের মতে, তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলে যোগ দেওয়ার পর সমর্থকদের ইসলামবিরোধী পোস্টের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়।

ক্রোয়েশিয়ার লুকা মদরিচ, যিনি পঞ্চম বিশ্বকাপ খেলছেন, একজন ক্যাথলিক। তিনি প্রায়ই যিশু ও ভার্জিন মেরির ছবি সংবলিত শিনগার্ড ব্যবহার করেন। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে সতীর্থদের সঙ্গে একটি প্রার্থনা অনুষ্ঠানেও অংশ নেন তিনি।

ইংল্যান্ডের জেড স্পেন্সকে বিভিন্ন সংবাদমাধ্যম দেশটির সিনিয়র দলে খেলা প্রথম মুসলিম ফুটবলার হিসেবে উল্লেখ করেছে। তিনি বলেন, ইতিহাসের অংশ হতে পারা এবং বিশ্বের তরুণদের অনুপ্রাণিত করতে পারা তার জন্য গুরুত্বপূর্ণ।

স্পেনের লামিন ইয়ামালও ধর্মীয় পরিচয়ের কারণে আলোচনায় ছিলেন। মরোক্কান বংশোদ্ভূত এই মুসলিম ফুটবলার মে মাসে স্প্যানিশ লিগ জয়ের উদযাপনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর পর আন্তর্জাতিক মনোযোগ কাড়েন।

ইংল্যান্ডের মার্ক গেহি, যিনি একজন খ্রিস্টান যাজকের ছেলে, প্রিমিয়ার লিগে এলজিবিটিকিউ+ অন্তর্ভুক্তি প্রচারণার সময় নিজের পোশাকে ধর্মীয় বার্তা লিখে ফুটবল অ্যাসোসিয়েশনের নিয়ম অমান্য করেছিলেন। যদিও এ জন্য তাকে শাস্তি পেতে হয়নি।

ইরাকের দলে এবার কুর্দি, সুন্নি মুসলিম, শিয়া মুসলিম ও খ্রিস্টান খেলোয়াড় রয়েছেন। দেশটির খ্রিস্টান জনগোষ্ঠী উল্লেখযোগ্যভাবে কমে গেলেও দলের মিডফিল্ডার আইমার শের সামাজিক মাধ্যমে নিজের ধর্মীয় বিশ্বাস প্রকাশ করে থাকেন।

যুক্তরাষ্ট্রের ক্রিস্টিয়ান পুলিসিকও নিজের খ্রিস্টান বিশ্বাস নিয়ে খোলামেলা। তিনি প্রায়ই মায়ের দেওয়া ক্রুশের নেকলেস পরেন এবং বাইবেল অধ্যয়ন কার্যক্রমে নেতৃত্ব দেন। তার সতীর্থ ওয়েস্টন ম্যাককেনি ও গোলরক্ষক ম্যাট ফ্রিজও নিজেদের খ্রিস্টান বিশ্বাস প্রকাশ্যে তুলে ধরেন।

বিশ্বকাপের দলগুলোতে এই ধর্মীয় বৈচিত্র্য ও পারস্পরিক সহযোগিতা অনেকের কাছে মাঠের বাইরেও সহাবস্থান ও ঐক্যের একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: এপি

/এএস/ 
সম্পর্কিত
চান্দ্র বর্ষপঞ্জি মুসলিম উম্মাহর স্বতন্ত্র ঐতিহ্য
নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুকধারীদের হামলায় নিহত ৩৫
‘গোল না খাওয়াই এখন ব্রাজিলের সবচেয়ে বড় লক্ষ্য’
সর্বশেষ খবর
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
দেশে ফিরলেন ৬০ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪
দেশে ফিরলেন ৬০ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪
চান্দ্র বর্ষপঞ্জি মুসলিম উম্মাহর স্বতন্ত্র ঐতিহ্য
চান্দ্র বর্ষপঞ্জি মুসলিম উম্মাহর স্বতন্ত্র ঐতিহ্য
বস্তা পরিবর্তনের সময় ৩৩ টন সরকারি চাল জব্দ, একজন আটক
বস্তা পরিবর্তনের সময় ৩৩ টন সরকারি চাল জব্দ, একজন আটক
সর্বাধিক পঠিত
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে
মাধ্যমিকে ফিরছে ভর্তি পরীক্ষা, থাকছে না কেন্দ্রীয় ব্যবস্থা
মাধ্যমিকে ফিরছে ভর্তি পরীক্ষা, থাকছে না কেন্দ্রীয় ব্যবস্থা
‘মাইক্রোওভেন উনার কাছে কে চেয়েছে’, পার্থকে উদ্দেশ করে বিরোধী দলীয় নেতা
‘মাইক্রোওভেন উনার কাছে কে চেয়েছে’, পার্থকে উদ্দেশ করে বিরোধী দলীয় নেতা