অ্যাম্বুলেন্স মালিকদের অভিযোগ কি আমলে নিচ্ছেন?

উদিসা ইসলাম
২৩ জুলাই ২০২৩, ১০:০০ আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১০:০০

দাবি আদায় না হলে ২৫ জুলাইয়ের পর থেকে সারা দেশে অ্যাম্বুলেন্স-সেবা বন্ধের কথা জানিয়েছেন বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির নেতারা। তাদের মূল অভিযোগ— অ্যাম্বুলেন্সকে প্রাইভেটকার বিবেচনা করে বিআরটিএ আয়কর নির্ধারণ করে থাকে। নেতারা বলছেন, ট্রাফিকের হয়রানির শিকার হয়ে রাস্তায় ভোগান্তি পোহাতে হয়। যদিও বিআরটিএ ও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে তাদের এ অভিযোগ আমলে নেওয়া হয়নি। তবে অ্যাম্বুলেন্সের মালিকপক্ষ বলছে, বিআরটিএ কর্তৃপক্ষ মৌখিকভাবে আগামী ৩০ জুলাই তাদের সঙ্গে বসার কথা জানিয়েছে।

এই পরিস্থিতিতে আগামী ২৫ জুলাইয়ের মধ্যে সমস্যার সমাধান না হলে অ্যাম্বুলেন্স-সেবা বন্ধ করে দেওয়ার হুমকির সমালোচনা করছেন চিকিৎসক, সেবাগ্রহীতা ও মানবাধিকারকর্মীরা। তারা বলছেন, দাবি যদি যৌক্তিক হয়ে থাকে, সেটা নিয়ে উচ্চ পর্যায়ে আলাপ-আলোচনা করে সমাধান আনতে হবে। রোগী ও স্বজনদের জিম্মি করে দাবি আদায়ের কৌশল সেবা খাতের সঙ্গে সম্পৃক্তরা করতে পারেন না।’

মালিকদের সমস্যা কোথায়?

গত ১০ জুলাই ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি সেবা খাতে বিআরটিএ কর্তৃক অ্যাম্বুলেন্স থেকে  প্রাইভেটকারের মতো আয়কর (এটিআই) নেওয়ার প্রতিবাদ জানায়। বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. বাদল মাতব্বর দাবি করেন— তারা অ্যাম্বুলেন্স আমদানি করেন অ্যাম্বুলেন্স হিসেবেই। বিআরটিএ-তে রেজিস্ট্রেশনও করি অ্যাম্বুলেন্স হিসেবেই। অথচ আয়কর দেওয়ার সময় দিতে হয় প্রাইভেট গাড়ি হিসেবে। হাসপাতাল এবং ট্রাস্টি বোর্ডের অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে আয়কর নেওয়া হয় মাত্র ৫২ টাকা। অথচ বেসরকারি অ্যাম্বুলেন্স রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অতীতে নেওয়া হতো ৩০ হাজার টাকা, এ বছর থেকে ৫০ হাজার টাকা নেওয়া হবে বলে জানতে পেরেছি। আমরা এর সমাধান চাই। যদিও বিআরটিএ কর্তৃপক্ষ বলছে, যে গাড়ি অ্যাম্বুলেন্স হিসেবে আমদানি করা হয়েছে, তার ক্ষেত্রে সরকার নির্ধারিত ৫২ টাকাই আয়কর নেওয়া হয়। বাকিগুলোর আমদানি-সংক্রান্ত কাগজপত্রে সমস্যা রয়েছে। ফলে তাদেরকে অ্যাম্বুলেন্সের আয়কর সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে দেওয়া হয় না।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) পরিচালক শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমদানি করা অ্যাম্বুলেন্সের ডকুমেন্ট অনুযায়ী, বিআরটিএ রেজিস্ট্রেশন দিয়ে থাকে। আমদানিকারকের ডকুমেন্টে যদি অ্যাম্বুলেন্স উল্লেখ করা থাকে, তাহলে সে অনুযায়ী বিআরটিএ রেজিস্ট্রেশন দিয়ে থাকে। প্রাইভেট রেজিস্ট্রেশন দেওয়ার কোনও বিষয় দেখছি না।’

অভিযোগ বড় কিন্তু একপেশে

অ্যাম্বুলেন্স-সেবা বন্ধ করার সুযোগ আছে কিনা প্রশ্নে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। রাস্তায় আমাদের  হয়রানি করে ট্রাফিক পুলিশ। কোনও রোগীকে হাসপাতালে নামানোর পরপরই রং-পার্কিংয়ের মামলা নিয়ে হাজির হয়ে যায়। হাসপাতালগুলো পার্কিংয়ের জায়গা দেয় না। তাহলে আমরা রোগী নামাবো কোথায়?’

এই অভিযোগের কথা জানানো হলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান বলেন, ‘আমার কাছে তারা কিছু জানাননি। ট্রাফিক পুলিশ রাস্তায় অ্যাম্বুলেন্স হয়রানি করে— এমন কোনও তথ্য নেই আমার কাছে। ফলে এ ব্যাপারে আমি কিছু বলতে পারছি না। যদি অভিযোগ পাই, সেটা খোঁজ নিয়ে দেখা যেতে পারে।’

এই অভিযোগের ভিত্তিতে নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রাফিক সার্জেন্ট বলেন, ‘আমরা চেষ্টা করি অ্যাম্বুলেন্স যাতে জ্যামে আটকে না পড়ে, সেই ব্যবস্থা করার। কিন্তু এরা বেশিরভাগ সময় যখন গাড়িতে রোগী থাকে না, তখনও সেই সেবা চান। ফাঁকা অ্য্যাম্বুলেন্স কেন উল্টোপথে যাচ্ছে— জানতে চাইলে তারা জানিয়ে দেন রোগী নিতে যাচ্ছে। কোথায় সেই গন্তব্য প্রশ্ন করলে উত্তর দিতে পারেন না। এছাড়া তাদের চালকরা ভীষণ বাজেভাবে গাড়ি চালান। কিছু কিছু ক্ষেত্রে নিজেদের সমালোচনাও করা দরকার।’

হুমকি দিয়ে সেবা বন্ধ করতে পারে?

গত ফেব্রুয়ারি মাসের কথা। বেসরকারি অ্যাম্বুলেন্স চালক সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিপাকে পড়েছিল বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল কর্তৃপক্ষ। চালকদের নৈরাজ্য থামাতে গিয়ে জিম্মি হয়ে পড়েন বিভাগের সবচেয়ে বড় এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পরিচালকরা। অ্যাম্বুলেন্স -চালকরা একজোট হয়ে হাসপাতালের পরিবহন সেবাই বন্ধ করে দেয়। এতে চরম ভোগান্তিতে পড়ে উল্টো রোগীরা সেই অ্যাম্বুলেন্স মালিকদের পক্ষ নেন।

সেবামূলক প্রতিষ্ঠান বা কর্মকাণ্ড যারা চালায়, তারা  চাইলেই সেটা বন্ধের হুমকি দিতে পারে কিনা প্রশ্নে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের চেয়ারম্যান ও জনস্বাস্থ্যবিদ ডা. লেলিন চৌধুরী বলেন, ‘ধর্মঘটের বিধিবদ্ধ নিয়ম আছে। যদি কোনও সংগঠিত সংগঠন ধর্মঘটের ডাক দেয়, তবে তাকে ধাপে ধাপে এগোতে হবে। প্রথমত দাবিগুলো কী আর কার কাছে— সেটা পরিষ্কার করে বলবে। সেই দাবি পূরণের জন্য সময় বেঁধে দেবে। সেই সময়ের মধ্যে গৃহীত না হলে, তখন পরবর্তী  পদক্ষেপ নেবে। আমি মনে করি, যাদের কাছে দাবির জন্য সময় বেঁধে দেওয়া হ— তাদের উচিত সময়ের মধ্যে যোগাযোগ করে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া।’

নীতিমালা দরকার যে কারণে

সেতু ও ফেরিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সকে আর টোল দিতে হবে না বলে ঘোষণা আসে ২০২০ সালেই। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, ওই বছর ১ মার্চ থেকে টোল ফ্রি’র আদেশ কার্যকর হওয়ার নির্দেশনা থাকলেও এখনও তা চালু হয়নি বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। পাশাপাশি রোগীদের স্বার্থে অ্যাম্বুলেন্স খালি অবস্থায় থাকলেও এ সুবিধা দেওয়ার দাবি জানিয়েছেন তারা। পৃথক পৃথক নির্দেশ না দিয়ে যদি একটি সার্বিক নির্দেশনা পাওয়া যায়, সেটা কার্যকর হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

অ্যাম্বুলেন্স মালিকদের সংগঠনের ছয় দফা দাবিগুলোর অন্যতম হলো— অ্যাম্বুলেন্সের জাতীয় নীতিমালা তৈরি। বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা বলেন, ‘আমরা কীভাবে চলবো, কত টাকা নেবো, অ্যাম্বুলেন্সে কী কী থাকতে হবে— এসব নিয়ে সমন্বিতভাবে একটি নীতিমালা থাকলে অনেক ভুল বুঝাবুঝি নিরসন হবে।’

কিন্তু অ্যাম্বুলেন্সগুলোর বিরুদ্ধে রোগীর স্বজনদের জিম্মি করার মতো অনেক অভিযোগ আছে এবং সিন্ডিকেট করে হাসপাতালকেও জিম্মি করার ঘটনা দেখা গেছে উল্লেখ করলে তিনি বলেন, ‘আপনারা নীতিমালা তৈরি করুন। একটা কমিটি হোক— যেখানে আমরা, স্বাস্থ্য মন্ত্রণালয়, সুশীল সমাজ, এনবিআর, সব প্রতিনিধিই থাকুক।’

/এপিএইচ/
সম্পর্কিত
ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ২৪৪৬ মামলা, শীর্ষে উত্তরা
হঠাৎ হাসপাতালে গিয়ে ১২ চিকিৎসককে পেলেন না স্বাস্থ্যমন্ত্রী, ৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২০৩০ মামলা, সবচেয়ে বেশি গুলশানে
সর্বশেষ খবর
স্থাপত্যের আড়ালে থাকা রহস্যময় লোককথার জিন্দা পীর মসজিদ
স্থাপত্যের আড়ালে থাকা রহস্যময় লোককথার জিন্দা পীর মসজিদ
উপকূলে লবণাক্ততায় কমছে ধানের ফলন, সংকটে চিংড়ি চাষও
উপকূলে লবণাক্ততায় কমছে ধানের ফলন, সংকটে চিংড়ি চাষও
অ্যাকশন শোধরানোর আগে আলিসের মানসিক দিকে দৃষ্টি সালাহউদ্দিনের
অ্যাকশন শোধরানোর আগে আলিসের মানসিক দিকে দৃষ্টি সালাহউদ্দিনের
কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজ
কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজ
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা