প্রফেসর কাজী কামরুজ্জামান বেস্ট পেডিয়াট্রিক সার্জন গোল্ড মেডেল-২০২৫ পেয়েছেন শিশু হাসপাতালের শিশু এনেস্থিসিয়া বিভাগের প্রধান প্রফেসর ডা. জাহানারা আলাউদ্দিন।
সম্প্রতি কক্সবাজারের হোটেল সীগালে অনুষ্ঠিত হয়েছে অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জন্স অব বাংলাদেশের (এপিএসবি) ১২তম জাতীয় সম্মেলন।
এই সম্মেলনে বিভিন্ন সেশনে দেশের খ্যাতনামা শিশু সার্জনরা অংশগ্রহণ করেন। সম্মেলনে প্রতি বছর বিশিষ্ট একজন শিশু সার্জনকে প্রফেসর কাজী কামরুজ্জামান বেস্ট পেডিয়াট্রিক সার্জন গোল্ড মেডেল দেওয়া হয়।
অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জন্স অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের চেয়ারম্যান একুশে পদক জয়ী বীর মুক্তিযোদ্ধা প্রফেসর কাজী কামরুজ্জামানের নামে এই পদকটি দেওয়া হয়ে থাকে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান, হেলথ এডুকেশন এবং ফ্যামিলি ওয়েলফেয়ারের সচিব ডা. মো. সওয়ার বারী, বিএমঅ্যান্ডডিসির সভাপতি প্রফেসর মোহাম্মাদ সাইফুল ইসলাম, ডিজিএমই'র পরিচালক প্রফেসর ডা. নাজমুল হোসেন ও প্রফেসর ডা. মো. আবু জাফর।







