ছয় দফা দাবি বাস্তবায়নের আশ্বাস পেয়ে ইন্টার্ন ও পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের চলমান কর্মবিরতি এবং মেডিক্যাল শিক্ষার্থীদের ক্লাস বর্জন কর্মসূচি সাত কার্যদিবসের জন্য স্থগিত করা হয়েছে।
সোমবার (৮ জুন) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরে অনুষ্ঠিত বৈঠক শেষে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) সাধারণ সম্পাদক ডা. নাবিল বিন কাশেম।
তিনি বলেন, “আজ স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠকে আমাদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে সেগুলো আনুষ্ঠানিকভাবে বাস্তবায়নের নিশ্চয়তাও দেওয়া হয়েছে। তাই আগামীকাল থেকে চলমান কর্মবিরতি ও আন্দোলন সাত কার্যদিবসের জন্য স্থগিত করা হলো।”
এর আগে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, “ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। একারণে আলোচনার মাধ্যমে সেগুলোর সমাধানের বিষয়ে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে।”
তিনি বলেন, “ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা নবম গ্রেডের বেসিক বেতনের সমপরিমাণ অর্থাৎ ২২ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বর্তমানে ২০ হাজার টাকা। একই সঙ্গে এফসিপিএস প্রশিক্ষণরত চিকিৎসকদের কোনো ধরনের ইনক্রিমেন্ট ছাড়া নবম গ্রেডের সমপর্যায়ের সুযোগ-সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।”
স্বাস্থ্য সচিব বলেন, “সরকারের নতুন পে-স্কেল বাস্তবায়ন কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন ও পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকদের বর্তমান ভাতা আনুপাতিক হারে বৃদ্ধি করা হবে। এছাড়া এফসিপিএস পার্ট-১ এবং এমডি-এমএস (ফেজ-১) পরীক্ষায় উত্তীর্ণ সব বেসরকারি প্রশিক্ষণার্থী মাসিক ভাতা পাবেন এবং এ ভাতা নিয়মিতভাবে প্রতি মাসে পরিশোধ করা হবে।”
তিনি আরও বলেন, “স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব প্রক্রিয়া অনুসরণ করে অংশীজনদের সঙ্গে পরামর্শক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়টি বিবেচনার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।”
এছাড়া বিসিপিএস ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফি যৌক্তিক পর্যায়ে নির্ধারণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও মেডিক্যাল কলেজে এন্ট্রি-লেভেলে কর্মরত চিকিৎসকদের জন্য একটি সম্মানজনক বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
বৈঠকে ১২ সদস্যের ইন্টার্ন চিকিৎসক প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। তারা হলেন— ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) সভাপতি ডা. মোস্তফা আমির ফয়সাল ও সাধারণ সম্পাদক ডা. নাবিল বিন কাশেম, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (এসএসএমসি) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের (আইডিএ) সদস্য সচিব ডা. আল মেয়ান শেখ, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ (এসএইচএসএমসি) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস কমিটির (আইডিসি) সমন্বয়ক ডা. মো. ফজলে এলাহী তরুন ও ডা. সাব্বির হোসাইন, মুগদা মেডিক্যাল কলেজ (মুমেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের (আইডিএ) সাধারণ সম্পাদক ডা. তানজিম মাহফুজ মজুমদার, খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের (আইডিএ) সভাপতি ডা. আল আমিন, রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) সভাপতি ডা. তানভীর আহমেদ তৌকির, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের (আইডিএ) সভাপতি ডা. সাকিব হোসাইন ও সাধারণ সম্পাদক ডা. জামান মোহাম্মদ নুরশাদ, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ (সিওমেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের (আইডিএ) সভাপতি ডা. মো. মিসবাহুর রহমান ও সাধারণ সম্পাদক ডা. মুসফিকুল ইসলাম রাফিন।









