সারা দেশে আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪৭ জন। তবে এই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩১৭ জন, ময়মনসিংহ বিভাগে ৯২ জন, চট্টগ্রাম বিভাগে ১৮০ জন, খুলনা বিভাগে ৮১ জন, রংপুর বিভাগে ৫২ জন এবং বরিশাল বিভাগে ২৫ জন আক্রান্ত হয়েছেন। তবে রাজশাহী ও সিলেট বিভাগে নতুন করে কেউ আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫৯ হাজার ১৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫৪ হাজার ৮৩৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ৪ হাজার ১৩৩ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া এই সময়ে মারা গেছেন ১৭৬ জন।









