বিদ্যমান সরকারি সেবাব্যবস্থার মাধ্যমে প্রারম্ভিক শিশু বিকাশ (ইসিডি) সহায়তা দেওয়া সম্ভব এবং এর মাধ্যমে শিশু প্রতিপালনের চর্চা ও ঘরে শিশুর শেখা ও বিকাশে সহায়ক কার্যক্রম উন্নত হতে পারে বলে উঠে এসেছে ‘থ্রাইভ কর্মসূচির’ গবেষণায়।
সোমবার (৯ নভেম্বর) রাজধানীতে ‘বাংলাদেশে প্রারম্ভিক শিশু বিকাশ ও আগামীর পথ’ শীর্ষক জাতীয় গবেষণা ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়।
নীতিনির্ধারক, গবেষক ও উন্নয়ন সহযোগীদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে থ্রাইভ কর্মসূচির ন্যাশনাল প্রিন্সিপাল ইনভেস্টিগেটর এবং আইসিডিডিআর,বি’র এমেরিটাস সায়েন্টিস্ট ড. জেনা ডেরাখশানি হামাদানি গবেষণার ফলাফল ও অভিজ্ঞতা উপস্থাপন করেন।
গবেষণার ফলাফল তুলে ধরে বলা হয়, বিদ্যমান সরকারি সেবাব্যবস্থার মাধ্যমে প্রারম্ভিক শিশু বিকাশ (ইসিডি) সহায়তা দেওয়া সম্ভব এবং এর মাধ্যমে শিশু প্রতিপালনের চর্চা ও ঘরে শিশুর শেখা ও বিকাশে সহায়ক কার্যক্রম উন্নত হতে পারে। তবে বৃহত্তর পরিসরে বাস্তবায়নের অভিজ্ঞতা দেখিয়েছে, কাঙ্ক্ষিত ফল পেতে বাস্তবায়নের মান, নিয়মিত তদারকি এবং মাঠপর্যায়ের কর্মীদের প্রয়োজনীয় সহায়তা ও সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও বলা হয়, আগের গবেষণার তথ্যপ্রমাণের ওপর ভিত্তি করে ‘স্ট্রেনদেনিং বাংলাদেশি বেবিস ব্রেইনস (SB3) কর্মসূচির’ মাধ্যমে ৬০০টির বেশি কমিউনিটি ক্লিনিকে ইসিডি কার্যক্রম সম্প্রসারণ করা হয়। এর আওতায় ১৫ হাজারের বেশি শিশুর কাছে শিশু বিকাশ সেবা পৌঁছানো হয়েছে এবং প্রায় ১,৯৫০ জন মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী ও ৪০০ জনের বেশি সরকারি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিদর্শকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
সাম্প্রতিক একটি ক্লাস্টার- কন্ট্রোল্ড ট্রায়ালে দেখা গেছে, কর্মসূচিতে অংশ নেওয়া পরিবারগুলোর শিশু প্রতিপালনের চর্চা, ঘরে শিশুর শেখা ও বিকাশে সহায়ক কার্যক্রম এবং খেলার ও শেখার উপকরণের প্রাপ্যতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে শিশু বিকাশের ফলাফলে পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া যায়নি। এই ফলাফল বৃহত্তর পরিসরে বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা সামনে আনে। শুধু বেশি মানুষের কাছে পৌঁছানো যথেষ্ট নয়, ধারাবাহিক বাস্তবায়ন, তদারকি এবং প্রয়োজনীয় সহায়তাও নিশ্চিত করতে হবে।
আইসিডিডিআর,বি’র নির্বাহী পরিচালক ড. তাহমীদ আহমেদ পুষ্টি ও শিশুর প্রাথমিক মস্তিষ্ক বিকাশের ঘনিষ্ঠ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জীবনের শুরুর দিকে অপুষ্টি শিশুর মস্তিষ্কের বিকাশ ও বুদ্ধিবৃত্তিক সক্ষমতায় প্রভাব ফেলতে পারে। তাই এই গুরুত্বপূর্ণ সময়ে শিশুর পুষ্টি ও বিকাশ দুই দিকেই গুরুত্ব দেওয়া প্রয়োজন।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার প্রারম্ভিক শিশু বিকাশ কার্যক্রম দেশব্যাপী সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, প্রারম্ভিক শিশু বিকাশের গুরুত্ব সম্পর্কে আমাদের এখন যথেষ্ট তথ্যপ্রমাণ আছে। গবেষণায় দেখা গেছে, খেলাধুলাভিত্তিক শেখা, বুদ্ধিবৃত্তিক উদ্দীপনা এবং শিশুর সঙ্গে নিয়মিত পারস্পরিক যোগাযোগ তার বুদ্ধিবৃত্তিক বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। এর সুফল পরবর্তী শিক্ষাজীবনেও পাওয়া যায়।
বাংলাদেশে শেখার ঘাটতির বিষয়টি তুলে ধরে তিনি দেশব্যাপী ইসিডি কার্যক্রম সম্প্রসারণ এবং দেশের বিভিন্ন প্রান্তের শিশু ও পরিবারকে এর আওতায় আনতে একটি জাতীয় পরিকল্পনার আহ্বান জানান।
যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (FCDO) টিম লিডার ও এডুকেশন অ্যাডভাইজার মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, জাতীয় পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণের ক্ষেত্রে শুধু বেশি শিশুর কাছে পৌঁছানো নয়, সেবার মান বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, কার্যক্রম সম্প্রসারণ মানে শুধু বেশি মানুষের কাছে পৌঁছানো নয়। একই সঙ্গে সেবার মান বজায় রাখা, মাঠপর্যায়ের সক্ষমতা শক্তিশালী করা, টেকসই অর্থায়ন নিশ্চিত করা এবং সরকারের নেতৃত্ব ও দায়িত্ব গ্রহণও জরুরি।
কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুজ্জোহা স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে শিশু ও মায়েদের সহায়তায় আইসিডিডিআর,বি’র কাজের প্রশংসা করেন এবং এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাতীয় পর্যায়ে ইসিডি কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, থ্রাইভ কর্মসূচি যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের গ্লোবাল রিসার্চ অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্ট পোর্টফোলিও এবং নিউজিল্যান্ডের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত হচ্ছে। কর্মসূচিটি যৌথভাবে বাস্তবায়ন করছে অক্সফোর্ড পলিসি ম্যানেজমেন্ট ও আইসিডিডিআর,বি।