কুষ্টিয়ায় দিনদুপুরে বাসার সামনে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করা কিশোরকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাতে কুষ্টিয়া জেলা পুলিশের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, সোমবার বেলা ১টা ১১ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত কিশোর ছুরি ফেলে দৌড়ে পালিয়ে যায়। আহত ওই ছাত্রীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, আহত স্কুলছাত্রীর হাতসহ শরীরের অন্তত ছয় স্থানে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা গুরুতর। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সে এখনও বেঁচে আছে।
গুরুতর আহত স্কুলছাত্রী (১৫) ফরিদপুর জেলার বাসিন্দা। তার বাবা একটি ওষুধ কোম্পানির কুষ্টিয়া আঞ্চলিক বিপণন প্রতিনিধি। তিনি দীর্ঘদিন ধরে কুষ্টিয়া শহরে থানাপাড়াতে একটি ভবনের তিনতলাতে পরিবার নিয়ে থাকছেন। ওই ছাত্রী কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ে। তার আগামী এসএসসি পরীক্ষার নির্বাচনি পরীক্ষা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ছাত্রী স্কুলে নির্বাচনি পরীক্ষা শেষে দুপুরে বাসায় ফেরে। বেলা ১টা ১১ মিনিটের দিকে বাসার নিচে দাঁড়িয়ে কলবেল বাজিয়ে দাঁড়িয়ে থাকে। এর কয়েক সেকেন্ডের মধ্যে এক কিশোর কাছে গিয়ে তাকে পেছন থেকে উপর্যুপরি আঘাত করতে করতে থাকে। ওই ছাত্রী হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করে। এ সময় চিৎকার করতে থাকে মেয়েটি। একটু পরই মেয়েটি সড়কে বাসার সামনে লুটিয়ে পড়ে।
ওই বাসার সামনের একটি বাসায় থাকেন শাহাদাত হোসাইন। তিনি জানান, ঘটনার সময় তার বোন বারান্দায় ছিলেন। ওই ছাত্রীকে ছুরিকাঘাত করা দেখে চিৎকার দেন তার বোন। তিনি তখন দৌড়ে বাইরে গিয়ে দেখতে পান এক ছেলে মেয়েটিকে কয়েকটি ছুরিকাঘাত করছে। কখনও চুল ধরে আঘাত করছে। মেয়েটি স্কুলড্রেস পরা অবস্থায় ছিল। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে আঘাত করে ছুরি ফেলে ছেলেটি দৌড়ে পালিয়ে যায়। এরপর মেয়েটির মা দৌড়ে নিচে নেমে আসে। তিনিও মেয়ের রক্তাক্ত অবস্থা দেখে অচেতন মতো হয়ে পড়েন। এরপর একটি রিকশা ডেকে দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
আহত স্কুলছাত্রীর বাবা জানান, তিনি পেশাগত কাজে বাইরে ছিলেন। হঠাৎ মেয়ের মায়ের ফোন পান। এরপর দ্রুত হাসপাতালে যান। এ ঘটনা কেন, কী কারণে ঘটেছে, তা কিছুই বুঝতে পারছেন না। তার মেয়েও আগে কখনও কিছু বলেনি। তাকে কেউ কখনও উত্ত্যক্ত করতো কি না, সে বিষয়ে কিছুই জানা নেই তার।
বিকালে কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, ‘ঘটনাস্থলে ভবনের সিসিটিভি ক্যামেরার একাধিক ফুটেজে ছুরিকাঘাত করা কিশোরকে শনাক্ত করা গেছে। তাকে ধরতে অভিযান চলছে। আঘাতে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে। অভিযুক্ত কিশোর শহরের একটি স্কুলের দশম শ্রেণিতে পড়ে।’
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক জাহিদ ইকবাল বলেন, ‘ধারালো ছুরি দিয়ে মেয়েটির হাতে দুটিসহ তিনটি গভীর আঘাত ছিল। এ ছাড়া আরও আঘাতের চিহ্ন দেখা গেছে। সব কটি আঘাতের জায়গাতে সেলাই দেওয়া হয়েছে। আপাতত শঙ্কামুক্ত। তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’