শুরুতেই ব্যাটিং ধস। ইংল্যান্ডের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়া। স্বাগতিকদের ১৩৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ইংল্যান্ড। রবিবার অ্যাডিলেড ওভালে দ্বিতীয় ওয়ানডেতে এই জয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডেতে নিজেদের সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছে ইংলিশরা।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩৫৫ রান করে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডেতে এটিই তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাবে ৪৪.৩ ওভারে ২২০ রানে অলআউট হয় স্বাগতিকরা। তাতে বুধবার হোবার্টে সিরিজ নির্ধারণী ম্যাচের আগে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড।
রান তাড়ায় শুরু থেকেই বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। মাত্র ছয় বলের ব্যবধানে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ট্রাভিস হেড (৭), কুপার কনলি (০) ও অধিনায়ক মিচেল মার্শ (২)। ৩.২ ওভার শেষে ১৩ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে স্বাগতিকরা।
অবশ্য অস্ট্রেলিয়ার বিপর্যয় আরও বড় হতে পারতো। ২৯ রানে চতুর্থ উইকেট হারানোর পর ম্যাথু রেনশ (২৭ রানে) ও ক্যামেরন গ্রিনের (৭ রানে) সহজ ক্যাচ ফেলে ইংল্যান্ড। সেই সুযোগ কাজে লাগিয়ে পঞ্চম উইকেটে ৯৮ রানের জুটি গড়েন রেনশ ও গ্রিন। ৭৪ বলে ৬৩ রান করেন রেনশ। দলের পক্ষে সর্বোচ্চ ৮২ বলে ৬৪ রান করেন গ্রিন।
তবে শুরুতে যে ক্ষতি হয়েছিল, তা আর পুষিয়ে উঠতে পারেনি অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের পেসার গাস অ্যাটকিনসন শুরুতেই তিনটি উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপে বড় ধাক্কা দেন। প্রথম সাত ওভারে ২২ রান দিয়ে তিন উইকেট নেওয়া এই পেসার শেষ পর্যন্ত ১০ ওভারে ২৮ রান দিয়ে পান চার উইকেট। ওয়ানডেতে এটিই তার সেরা বোলিং। স্যাম কারান ৩৮ রানে দুটি এবং স্পিনার লিয়াম ডসন ৪১ রানে দুটি উইকেট নেন।
এর আগে ইংল্যান্ডের বড় সংগ্রহ গড়ার পথে দারুণ ব্যাটিং করেছেন টম ব্যান্টন, জর্ডান কক্স, জো রুট ও উইল জ্যাকস। ৯৯ বলে ১২১ রানের ঝড়ো ইনিংস খেলেন ব্যান্টন। কক্স করেন ৪৯ বলে ৬৭, রুট ৬৮ বলে ৬২ এবং জ্যাকস ৪০ বলে অপরাজিত ৫৪ রান।
দ্বিতীয় উইকেটে ব্যান্টন ও রুট ১৩৬ বলে ১৩৭ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে শক্ত ভিত এনে দেন। ২৮তম ওভারে দলীয় ১৫৬ রানে পৌঁছায় ইংল্যান্ড। ৮৬ বলে নিজের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি পূরণ করেন ২৮ বছর বয়সী ব্যান্টন।
এরপর জর্ডান কক্স ও উইল জ্যাকসের ১২ ওভারেরও কম সময়ে ১০২ রানের জুটি ইংল্যান্ডের রান বাড়িয়ে দেয়। শেষ পর্যন্ত ৬ উইকেটে ৩৫৫ রানের বড় সংগ্রহ পায় সফরকারীরা।
অস্ট্রেলিয়ার হয়ে একাধিক উইকেট নিতে পেরেছেন শুধু পেসার জেভিয়ার বার্টলেট। ১০ ওভারে ৭২ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। ১০ ওভারে ৭৫ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন রাইলি মেরেডিথ। স্পেন্সার জনসন আট ওভারে ৬১ রান দিয়ে নেন একটি উইকেট।
/এফআইআর/