পাথরের গর্তে পড়ে উধাও ঝরনার জল! রহস্য কী?

জীবনযাপন ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৫

একটি ঝরনার জল পাথরের গভীর গর্তে পড়ছে। কিন্তু তার পর কোথায় যাচ্ছে, তার কোনও হদিশ নেই! গর্ত উপচে জল বেরিয়েও আসছে না, আবার অন্য কোথাও সেই জলের দেখা মিলছে না। বছরের পর বছর ধরে এমনই রহস্য জিইয়ে রেখেছে আমেরিকার মিনেসোটার ‘ডেভিলস কেটল’ জলপ্রপাত। কৌতূহলী পর্যটক থেকে বিশেষজ্ঞ অনেকেই খোঁজ করেছেন এই জলধারার গন্তব্যের। তবু রহস্যের পুরোপুরি সমাধান হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েই গিয়েছে।

অনেকেই খোঁজ করেছেন এই জলধারার গন্তব্যের (ছবি: সংগৃহীত)

আমেরিকার মিনেসোটা রাজ্যের জাজ সি আর ম্যাগনি স্টেট পার্কের ভিতর দিয়ে বয়ে গিয়েছে ব্রুল নদী। ডুলুথ শহর থেকে প্রায় ১২৮ মাইল উত্তরে অবস্থিত এই নদীর পথেই রয়েছে অদ্ভুত এক জলপ্রপাত। নাম ‘ডেভিলস কেটল’। নদীটি একটি জায়গায় এসে দু’টি ধারায় ভাগ হয়ে যায়। এর মধ্যে একটি ধারা স্বাভাবিক নিয়মে নীচে নেমে যায়। অন্য ধারাটি প্রায় ১০ ফুট নীচে একটি পাথুরে গর্তে পড়ে। তার পর থেকেই যেন উধাও হয়ে যায় জল।

এই গর্তের কারণেই জলপ্রপাতটির নাম ডেভিলস কেটল। ইংরেজি ‘কেটল’ শব্দের অর্থ কেটলি বা পাত্র। পাথরের গর্তটি দেখতে অনেকটা কেটলির মতো হওয়ায় এমন নামকরণ। কিন্তু সেই গর্তে পড়া জল কোথায় যায়, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।

ডেভিলস কেটলের জল কোথায় গিয়ে মেশে, তা নিয়ে রয়েছে নানা মত (ছবি: সংগৃহীত)

গর্তে ফেলা হয়েছে পিংপং বল, লাঠিও!

রহস্যের সমাধান করতে বহু কৌতূহলী মানুষ নানা পরীক্ষা করেছেন। কেউ গর্তে লাঠি ফেলেছেন, কেউ পিংপং বল, আবার কেউ জিপিএস যন্ত্র ফেলে জলের গতিপথ অনুসরণ করার চেষ্টা করেছেন। কিন্তু কোনও কিছুই আর অন্য কোথাও ভেসে উঠতে দেখা যায়নি। এমনকি, একটি গাড়ি গর্তে ফেলা হয়েছিল বলেও জনশ্রুতি রয়েছে। যদিও সেই দাবির কোনও নির্ভরযোগ্য প্রমাণ নেই।

ডেভিলস কেটলের জল কোথায় গিয়ে মেশে, তা নিয়ে নানা মত রয়েছে। কারও ধারণা, গর্তের নীচে কোনও গোপন জলপথ রয়েছে, যা দিয়ে জল গিয়ে সুপিরিয়র হ্রদে মিশেছে। আবার কেউ মনে করেন, এই জল ভূগর্ভস্থ অন্য কোনও জলধারার সঙ্গে যুক্ত হয়েছে।

পার্কের ম্যানেজার পিটার মট জানিয়েছেন, এ নিয়ে বিচিত্র সব কাহিনি শুনেছেন তিনি। কারও দাবি, জলধারাটি দু’ভাগ হয়ে অন্য একটি ঝরনার সঙ্গে মিশেছে। এমনকি, তার একটি অংশ নাকি কানাডার দিকে বয়ে যায়। কেউ আবার মনে করেন, জল উল্টো দিকে গিয়ে মিসিসিপি নদীতে মিশেছে।

রহস্যের সমাধান কি মিলেছে?

ডেভিলস কেটল নিয়ে গবেষণায় নেমেছেন বিশেষজ্ঞেরাও। তাদের একাংশের দাবি, ঝরনার উপরের ও নীচের অংশে জলের প্রবাহের পরিমাণ মেপে দেখা গিয়েছে, দু’দিকেই প্রায় সমান পরিমাণ জল বইছে। তাঁদের ধারণা, গর্তে পড়া জল আসলে পাথরের নীচের কোনও জলপ্রবাহের সঙ্গে মিশে যাচ্ছে। অর্থাৎ, জল সম্পূর্ণ উধাও হচ্ছে না, বরং ভূগর্ভস্থ পথ ধরে অন্য দিকে চলে যাচ্ছে।

এই তত্ত্ব যাচাই করতে মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক ডেভিলস কেটলের জলে ফ্লুরোসেন্ট রং মেশানোর পরিকল্পনা করেছিলেন। তার পর অন্য কোথাও সেই রঙিন জলের সন্ধান করে গতিপথ বোঝার চেষ্টা করার কথা ছিল। তবে এই পরীক্ষার ফলাফল সম্পর্কে নিশ্চিত তথ্য ছাড়া রহস্যের চূড়ান্ত সমাধান হয়েছে বলা যায় না।

রহস্য থাকুক, আকর্ষণ কমেনি

ডেভিলস কেটলের রহস্যের সমাধান হলে পর্যটকদের বিস্ময় হয়তো কিছুটা কমবে। এমনটাই মনে করেন এই জলপ্রপাতের প্রতি আকৃষ্ট অনেক মানুষ। তবে রহস্যের পাশাপাশি চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যও পর্যটকদের টানে। পাথরের গায়ে আছড়ে পড়া জলধারা আর অদ্ভুত গর্ত— সব মিলিয়ে ডেভিলস কেটল আজও প্রকৃতিপ্রেমী ও কৌতূহলী মানুষের কাছে এক আকর্ষণীয় গন্তব্য।

 

/এমএএল/
সম্পর্কিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
সাহারা মরুভূমির বুকে ৫০ কিলোমিটারের প্রকৃতির বিশাল চোখ!
ছয় দশক ধরে জ্বলছে আস্ত এক শহর!
সর্বশেষ খবর
গোপালগঞ্জে পুলিশের সামনেই নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, মহাসড়কে আগুন
গোপালগঞ্জে পুলিশের সামনেই নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, মহাসড়কে আগুন
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
নিউইয়র্কে ভবন ধসে নিহত বেড়ে ৮
নিউইয়র্কে ভবন ধসে নিহত বেড়ে ৮
দুই শতাব্দীর ঐতিহ্য, পুতা মিষ্টির স্বাদ নিতে ঘুরে আসুন কাইকারটেক হাট
দুই শতাব্দীর ঐতিহ্য, পুতা মিষ্টির স্বাদ নিতে ঘুরে আসুন কাইকারটেক হাট
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা