২০২৭ সালে ঘুরে আসতে পারেন বিশ্বের যে ২০ জায়গায়

ফিচার ডেস্ক
২৭ নভেম্বর ২০২৬, ১৭:৩০ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৭:৩৮

নিউইয়র্ক, ভেনিস কিংবা প্যারিসের মতো চিরচেনা পর্যটনকেন্দ্রের বাইরেও পৃথিবীতে রয়েছে অসংখ্য আকর্ষণীয় জায়গা। কোথাও দেখা মেলে বিরল বন্যপ্রাণীর, কোথাও প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্যের, আবার কোথাও প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থান পর্যটকদের মুগ্ধ করে। এসব বিষয় বিবেচনায় নিয়ে ২০২৭ সালে ভ্রমণের জন্য বিশ্বের ২০টি গন্তব্য বেছে নিয়েছে বিবিসি ট্রাভেল। তালিকায় থাকা জায়গাগুলির বিশেষত্ব শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়। কয়েকটি গন্তব্যে আগামী বছর অনুষ্ঠিত হবে বিরল উৎসব ও ঐতিহাসিক আয়োজন। আবার কোথাও পর্যটনের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাঠকদের জন্য রইলো সেই তালিকায় থাকা স্থানগুলোর নাম ও বর্ণনা।

বন্যপ্রাণীর জন্য বিখ্যাত মাদাগাস্কার (ছবি: বাংলা ট্রিবিউন কোলাজ)

মাদাগাস্কার

আফ্রিকার দক্ষিণ-পূর্ব উপকূলের কাছে অবস্থিত দ্বীপদেশ মাদাগাস্কার বন্যপ্রাণীর জন্য বিশেষভাবে পরিচিত। বিশ্বের অন্য কোথাও পাওয়া যায় না, দেশটির এমন স্তন্যপায়ী প্রাণীর সংখ্যা প্রায় ৯২ শতাংশ। প্যান্থার গিরগিটি, ভেরো সিফাকা বা নাচুনে লেমুরের মতো প্রাণীর দেখা মেলে এখানকার বৃষ্টিবন ও বিচিত্র প্রাকৃতিক পরিবেশে। ২০২৭ সালে মিতসিনজো রিজার্ভের ১৫০ হেক্টর পুনর্বনায়ন প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। এ উদ্যোগ বন্যপ্রাণীর আবাসস্থল ফিরিয়ে আনতে সাহায্য করবে। আনজা কমিউনিটি রিজার্ভে পর্যটকদের প্রবেশমূল্য থেকে পাওয়া অর্থ স্থানীয় স্বাস্থ্য ও শিক্ষামূলক কাজে ব্যয় করা হয়। আরএন৭ মহাসড়ক ধরে সড়কভ্রমণে গেলে রানোমাফানা জাতীয় উদ্যান, আনজার পাহাড়ি অঞ্চল ও দক্ষিণ উপকূল ঘুরে দেখার সুযোগ মিলবে।

সেন্ট লরেন্স নদীর তীরে অবস্থিত কুইবেক সিটি (ছবি: পেক্সেলস)

কানাডার কুইবেক সিটি

ফরাসিভাষী কানাডার ঐতিহাসিক শহর কুইবেক সিটি সেন্ট লরেন্স নদীর তীরে অবস্থিত। পাথর বসানো রাস্তা, পুরোনো স্থাপত্য ও পাহাড়ঘেরা পরিবেশ শহরটিকে দিয়েছে ইউরোপীয় আবহ। ২০২৬ সালে পুরো শহরটি ইউনেসকো বায়োস্ফিয়ার রিজার্ভের স্বীকৃতি পেয়েছে। নদীতীরে উত্তর আমেরিকার প্রথম নগর বন্দরভিত্তিক সাঁতারের জায়গা চালু হয়েছে। ২০২৬ সালের ডিসেম্বরে সেখানে একটি ভাসমান সওনা কমপ্লেক্স চালুর পরিকল্পনাও রয়েছে। শীতকালে প্লেইনস অব আব্রাহাম পার্কে স্কিইংয়ের পাশাপাশি আদিবাসী হুরন-ওয়েনডাট জনগোষ্ঠীর ইতিহাস ও সংস্কৃতি জানার সুযোগ রয়েছে। 

সমুদ্র, বন ও প্রাচীন শিন্তো ধর্মীয় ঐতিহ্যে সমৃদ্ধ জাপানের ইসে-শিমা উপদ্বীপ (ছবি: পেক্সেলস)

জাপানের ইসে-শিমা উপদ্বীপ

জাপানের টোকিও, কিয়োটো ও ওসাকার পরিচিত পর্যটনপথের বাইরে ইসে-শিমা উপদ্বীপ। সমুদ্র, বন ও প্রাচীন শিন্তো ধর্মীয় ঐতিহ্যে সমৃদ্ধ এই অঞ্চলে রয়েছে জাপানের পবিত্র ইসে জিঙ্গু মন্দির। ২০২৭ সালে এখানে অনুষ্ঠিত হবে ‘ওকিহিকি’ নামে ২০ বছর পরপর আয়োজিত একটি প্রাচীন উৎসব। প্রায় ১ হাজার ৩০০ বছরের পুরোনো এই রীতিতে স্থানীয় বাসিন্দারা বিশাল সাইপ্রেস গাছের গুঁড়ি টেনে নিয়ে মন্দির পুনর্নির্মাণের কাজে অংশ নেন। ৮ মে থেকে ১২ জুন এবং ২৪ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত বিভিন্ন দিনে উৎসবের আয়োজন রয়েছে। উপদ্বীপে গেলে জাপানের নারী মুক্তাডুবুরিদের জীবনযাপন জানার পাশাপাশি মিকিমোতো পার্ল আইল্যান্ডও ঘুরে দেখা যায়।

বিশ্বের অন্যতম দুর্গম দ্বীপ সেন্ট হেলেনা (ছবি: পেক্সেলস)  

সেন্ট হেলেনা

দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝখানে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার মধ্যবর্তী স্থানে অবস্থিত সেন্ট হেলেনা বিশ্বের অন্যতম দুর্গম দ্বীপ। আগ্নেয়গিরির পাহাড়, ছোট ছোট জনপদ ও নেপোলিয়নের ইতিহাস দ্বীপটির অন্যতম আকর্ষণ। ২০১৭ সালের আগে অধিকাংশ পর্যটকই সমুদ্রপথে এখানে আসতেন। এখন জোহানেসবার্গ থেকে সপ্তাহে একটি উড়োজাহাজ চলাচল করে। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে এখানে অনুষ্ঠিত হবে অ্যাডভেঞ্চার উইক। এর অংশ হিসেবে ২৮ ফেব্রুয়ারি প্রথমবারের মতো আয়োজন করা হবে ‘ওয়ার্ল্ডস মোস্ট রিমোট ম্যারাথন’। দ্বীপের রাজধানী জেমসটাউনে ৬৯৯ ধাপের জ্যাকবস ল্যাডার বেয়ে উঠলে আগ্নেয় উপত্যকা ও সমুদ্রের বিস্তৃত দৃশ্য দেখা যায়।

আফ্রিকান ঐতিহ্য ও সংস্কৃতি খ্যাত ব্রাজিলের উপকূলীয় শহর সালভাদর (ছবি: পেক্সেলস)

ব্রাজিলের সালভাদর
 
ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের উপকূলীয় শহর সালভাদর আফ্রিকান ঐতিহ্য ও সংস্কৃতির জন্য পরিচিত। একসময় দাস বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এই শহর। এখনো এখানকার সংগীত, নৃত্য, ধর্মীয় আচার ও খাবারে আফ্রিকান সংস্কৃতির প্রভাব স্পষ্ট। ২০২৭ সালে ফিফা নারী বিশ্বকাপের আয়োজক শহরগুলির একটি হবে সালভাদর। দক্ষিণ আমেরিকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপের কারণে শহরটি আন্তর্জাতিক পর্যটকদের নজর কাড়বে। ইউনেসকো স্বীকৃত পেলোরিনহো এলাকার পুরোনো রাস্তা, ঔপনিবেশিক স্থাপত্য ও গির্জা ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় শিল্পকলার সংগ্রহশালাও রয়েছে। নৌকায় করে ইলহা দোস ফ্রাদেস দ্বীপে গেলে স্বচ্ছ জল, সবুজ পাহাড় ও সমুদ্রসৈকতের সৌন্দর্য উপভোগ করা যায়।

যুক্তরাষ্ট্রের ওকেফেনোকি জলাভূমি (ছবি: পেক্সেলস)

যুক্তরাষ্ট্রের ওকেফেনোকি জলাভূমি

উত্তর আমেরিকার সবচেয়ে বড় ব্ল্যাকওয়াটার জলাভূমি ওকেফেনোকি। যুক্তরাষ্ট্রের জর্জিয়া ও ফ্লোরিডা অঙ্গরাজ্যের সীমান্তজুড়ে বিস্তৃত এই জলাভূমির বয়স প্রায় ৬ হাজার ৫০০ বছর। কালচে পানির খাল, শ্যাওলাঢাকা গাছ, ছোট দ্বীপ ও নানা প্রজাতির বন্যপ্রাণী এখানকার বৈশিষ্ট্য। জলাভূমিতে শত শত অ্যালিগেটর এবং বিভিন্ন জলচর পাখির দেখা মেলে। ২০২৬ সালে এর একটি অংশ ইউনেসকো বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে। নৌকা বা ক্যানোয়ায় চড়ে জলপথ ঘুরে দেখা যায়। চাইলে নির্দিষ্ট অনুমতি নিয়ে জলাভূমির মধ্যে ভাসমান ক্যাম্পিং প্ল্যাটফর্মেও রাত কাটানো যায়।

সরিষার জন্য বিখ্যাত ফ্রান্সের বুরগুন্ডি অঞ্চল (ছবি: পেক্সেলস)

ফ্রান্সের বুরগুন্ডি

দ্রাক্ষাক্ষেত্র, ঐতিহ্যবাহী গ্রাম ও সরিষার জন্য বিখ্যাত ফ্রান্সের বুরগুন্ডি অঞ্চল। ২০২৭ সালে আলোকচিত্রের ২০০ বছর পূর্তি উপলক্ষে জায়গাটি বিশেষ গুরুত্ব পেতে যাচ্ছে। কারণ, আলোকচিত্রের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে এই অঞ্চলের শালোঁ-সুর-সোন শহর। শহরের মিউজে নিসেফোর নিয়েপসে ২০২৭ সালের এপ্রিলের শেষ থেকে জুনের শেষ পর্যন্ত বিশ্বের সবচেয়ে পুরোনো টিকে থাকা ক্যামেরায় তোলা ছবির বিশেষ প্রদর্শনী হওয়ার কথা। এরপর কাছের সাঁ-লু-দ্য-ভারেন গ্রামে ঘুরে দেখা যেতে পারে, যেখানে প্রায় ২০০ বছর আগে ছবিটি তৈরি করেছিলেন নিসেফোর নিয়েপসে।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয় (ছবি: পেক্সেলস)

ভারতের মেঘালয়

পাহাড়, ঝরনা, পবিত্র বন আর জীবন্ত শিকড়ের সেতুর জন্য ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয় পর্যটকদের কাছে পরিচিত। খাসি ও জয়ন্তিয়া পাহাড়ের বাসিন্দারা প্রজন্মের পর প্রজন্ম ধরে রাবার গাছের শিকড়কে বিশেষভাবে পরিচালিত করে তৈরি করেছেন এসব সেতু। ২০২৭ সালের মার্চে ভারতের ৩৯তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতাকে সামনে রেখে রাজ্যটিতে এক হাজার হোমস্টে তৈরি বা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পর্যটকেরা স্থানীয় পরিবারের সঙ্গে থেকে তাদের জীবনযাপন, খাবার ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন। নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ, মাওফ্লাংয়ের পবিত্র বন এবং নংরিয়াটের দুই তলাবিশিষ্ট জীবন্ত শিকড়ের সেতু এখানকার বিশেষ আকর্ষণ।

সাব-সাহারান আফ্রিকার প্রথম দেশ ঘানা (ছবি: পেক্সেলস)

ঘানা

১৯৫৭ সালে ইউরোপীয় ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা পাওয়া সাব-সাহারান আফ্রিকার প্রথম দেশ ঘানা। ২০২৭ সালে স্বাধীনতার ৭০ বছর পূর্তি উদ্‌যাপন করবে দেশটি। এ উপলক্ষে পর্যটকেরা ঘানার ইতিহাস, সংস্কৃতি ও সমকালীন জীবনধারা কাছ থেকে জানার সুযোগ পাবেন। কেপ কোস্ট ও এলমিনার ঐতিহাসিক দুর্গ, রাজধানী আক্রার শিল্পকলা ও ফ্যাশনকেন্দ্র এবং আফ্রোবিটস সংগীত এখানকার অন্যতম আকর্ষণ। কাকুম জাতীয় উদ্যানে বনভূমির অনেক ওপরে তৈরি ঝুলন্ত সেতু দিয়ে হাঁটার অভিজ্ঞতাও নিতে পারেন পর্যটকেরা।

গ্রীষ্মমণ্ডলীয় বৃষ্টিবন অস্ট্রেলিয়ার ডেইন্ট্রি (ছবি: পেক্সেলস)

অস্ট্রেলিয়ার ডেইন্ট্রি

বিশ্বের প্রাচীনতম গ্রীষ্মমণ্ডলীয় বৃষ্টিবনের একটি ডেইন্ট্রি। অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফের কাছে অবস্থিত এই অঞ্চলে রয়েছে ঘন বন, সাদা বালুর সৈকত ও নানা প্রজাতির বন্যপ্রাণী। ২০২৭ সালে আদিবাসী জনগোষ্ঠীর উদ্যোগে নতুন কিছু পর্যটন অভিজ্ঞতা চালু হওয়ার কথা। এর মাধ্যমে ইস্টার্ন কুকু ইয়ালানজি জনগোষ্ঠীর ইতিহাস, সংস্কৃতি ও প্রকৃতির সঙ্গে তাঁদের সম্পর্ক জানার সুযোগ মিলবে। স্থানীয়দের পরিচালিত গাইডেড ওয়াক, বনভ্রমণ এবং খাবারের আয়োজনও পর্যটকদের আকর্ষণ করবে।

স্লোভেনিয়ার বোহিনজ (ছবি: পেক্সেলস)

স্লোভেনিয়ার বোহিনজ

স্লোভেনিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে জুলিয়ান আল্পস পর্বতমালার কোলে অবস্থিত বোহিনজ। পাহাড়ঘেরা উপত্যকা, হিমবাহের তৈরি হ্রদ ও ছোট ছোট গ্রাম নিয়ে গড়ে ওঠা এই অঞ্চল প্রকৃতিপ্রেমীদের জন্য আকর্ষণীয়। নতুন সাইকেলপথ চালু হওয়ায় পাহাড়, গিরিখাত ও হ্রদের আশপাশ ঘুরে দেখার সুযোগ আরও বাড়ছে। পরিবেশবান্ধব পর্যটনের জন্যও জায়গাটি পরিচিত।

স্কটল্যান্ডের আনস্ট দ্বীপ (ছবি: পেক্সেলস)

স্কটল্যান্ডের আনস্ট দ্বীপ

শেটল্যান্ড দ্বীপপুঞ্জের উত্তর প্রান্তে অবস্থিত আনস্ট। ভাইকিং ইতিহাসের জন্য পরিচিত এই ছোট দ্বীপে রয়েছে ৬০টিরও বেশি প্রাচীন ভাইকিং বসতির নিদর্শন। তবে ২০২৭ সালে দ্বীপটির নতুন আকর্ষণ হতে যাচ্ছে মহাকাশযান উৎক্ষেপণ। যুক্তরাজ্যের প্রথম লাইসেন্সপ্রাপ্ত উল্লম্ব রকেট উৎক্ষেপণকেন্দ্র স্যাক্সাভোর্ড এখানেই তৈরি হয়েছে। ২০২৭ সালে এখান থেকে প্রথম কক্ষপথগামী রকেট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দুর্গ, স্থানীয় জাদুঘর ও নির্জন সমুদ্রসৈকতও ঘুরে দেখতে পারেন পর্যটকেরা।

পাহাড়, বন ও বৌদ্ধ মন্দির সমৃদ্ধ দক্ষিণ কোরিয়ার গ্যাংওন প্রদেশ (ছবি: পেক্সেলস)

দক্ষিণ কোরিয়ার গ্যাংওন প্রদেশ

দক্ষিণ কোরিয়ার ব্যস্ত রাজধানী সিউলের বাইরে প্রকৃতি ও আধ্যাত্মিক পরিবেশে সময় কাটাতে চাইলে গ্যাংওন প্রদেশ হতে পারে ভালো গন্তব্য। পাহাড়, বন ও বৌদ্ধ মন্দিরে সমৃদ্ধ এই অঞ্চলে গ্রামীণ জীবনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ রয়েছে। প্রদেশটির রাজধানী চুনচনে হ্রদের পাশে সময় কাটানোর পাশাপাশি স্থানীয় খাবার ডাকগালবির স্বাদ নিতে পারেন। সেখান থেকে বাসে করে সোরাকসান জাতীয় উদ্যানের নিরিবিলি পাহাড়ি এলাকায় যাওয়া যায়।

কানাডার আলবার্টা প্রদেশ (ছবি: পেক্সেলস)

কানাডার আলবার্টা

কানাডার আলবার্টা প্রদেশে ২০২৭ সালে আদিবাসী ইতিহাস জানার নতুন সুযোগ তৈরি হবে। এ বছর ‘ট্রিটি সেভেন’ চুক্তির ১৫০ বছর পূর্তি। স্থানীয় ফার্স্ট নেশনস জনগোষ্ঠী ও ব্রিটিশ রাজশক্তির মধ্যে হওয়া এই ঐতিহাসিক চুক্তির স্মরণে বিভিন্ন আয়োজন থাকবে। ক্যালগারির গ্লেনবো জাদুঘরও ২০২৭ সালের শরতে নতুনভাবে চালু হওয়ার কথা। সেখানে ব্ল্যাকফুট জনগোষ্ঠীর ইতিহাস ও সমকালীন আদিবাসী শিল্পকর্ম তুলে ধরা হবে। শহরের বিস্তৃত হাঁটা ও সাইকেলপথ ধরে ঘুরে দেখার সুযোগও রয়েছে।

ইতালির সার্ডিনিয়া

ভূমধ্যসাগরের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ সার্ডিনিয়া। নীল সমুদ্র, সৈকত ও বিলাসবহুল অবকাশকেন্দ্রের জন্য পরিচিত হলেও দ্বীপটির ভেতরের অংশে রয়েছে অন্য রকম আকর্ষণ। পাহাড়ি উপত্যকা, প্রাগৈতিহাসিক পাথরের স্থাপনা এবং রহস্যময় প্রাচীন সভ্যতার নিদর্শন ছড়িয়ে আছে এখানে। ‘জায়ান্টস টম্বস’ নামে পরিচিত প্রায় ৮০০টি সমাধি, ইউনেসকোর স্বীকৃতি পাওয়া ৩ হাজার ৫০০টি ‘ফেয়ারি হাউস’ এবং ৭ হাজার পাথরের টাওয়ার দ্বীপটির ইতিহাসের সাক্ষ্য বহন করে। গ্রামীণ এলাকার পর্যটন বিকাশ ও স্থানীয় সংস্কৃতি সংরক্ষণেও বিনিয়োগ করছে কর্তৃপক্ষ।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ

নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের অন্যতম বড় শহর ক্রাইস্টচার্চ। একসময় পর্যটকেরা মূলত দক্ষিণ দ্বীপের অন্য জায়গায় যাওয়ার প্রবেশদ্বার হিসেবে শহরটিকে ব্যবহার করতেন। তবে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার ১৫ বছরের বেশি সময় পর শহরটি নতুনভাবে গড়ে উঠেছে। পুনর্গঠিত ওতাকারো অ্যাভন নদীতীর, হাঁটা ও সাইকেল চালানোর নতুন পথ এবং বড় ক্রীড়া ও বিনোদনকেন্দ্র শহরটির আকর্ষণ বাড়িয়েছে। স্থানীয় মাওরি জনগোষ্ঠীর ইতিহাস ও সংস্কৃতিও নগর পরিকল্পনায় গুরুত্ব পেয়েছে। খাবারের জন্যও শহরটি এখন পরিচিতি পাচ্ছে।

রোমানিয়ার হারগিতা কাউন্টি

ট্রান্সিলভানিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত হারগিতা কাউন্টি। বনভূমি, ছোট গ্রাম ও হাঙ্গেরীয় ভাষাভাষী সেকেলি জনগোষ্ঠীর সংস্কৃতি এই অঞ্চলের পরিচয়। ২০২৭ সালে ইউরোপীয় গ্যাস্ট্রোনমি অঞ্চল হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে জায়গাটি। ফলে স্থানীয় খাবার ও রান্নার ঐতিহ্য পর্যটকদের সামনে তুলে ধরার আয়োজন থাকবে। আলুর রুটি, পাহাড়ি পনির, বনজ মাশরুম ও বেরি দিয়ে তৈরি খাবার এখানকার বিশেষত্ব।

পেরুর কর্দিয়েরা ব্লাঙ্কা

পেরুর লিমা শহরের উত্তর-পূর্বে বিস্তৃত কর্দিয়েরা ব্লাঙ্কা পর্বতমালা। বরফে ঢাকা শৃঙ্গ, নীলাভ হ্রদ, আন্দিজ পর্বতমালার গ্রাম এবং প্রাচীন সভ্যতার নিদর্শন এই অঞ্চলকে করেছে অনন্য। এখানে রয়েছে ৫০০টির বেশি হিমবাহ এবং সাড়ে চার হাজার মিটারেরও বেশি উঁচু অসংখ্য পর্বতপথ। চার দিনের সান্তা ক্রুজ ট্রেক পর্যটকদের কাছে বিশেষ জনপ্রিয়। হুয়ারাজ শহর থেকে লেগুনা ৬৯ পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার পথ হেঁটে গেলে জলপ্রপাত, নদীর তৃণভূমি ও উঁচু পাহাড়ের দৃশ্য উপভোগ করা যায়।

কাজাখস্তানের আলমাটি

তিয়ান শান পর্বতমালার পাদদেশে অবস্থিত কাজাখস্তানের বৃহত্তম শহর আলমাটি। ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত এই শহর সিল্ক রোডের ইতিহাস, খাবার, শিল্প ও নকশার জন্য পরিচিতি পাচ্ছে। ২০২৭ সালে নিউইয়র্ক, আবুধাবি ও হংকংয়ের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালুর প্রত্যাশা রয়েছে। শহরে রয়েছে মধ্য এশিয়ার গুরুত্বপূর্ণ সমকালীন শিল্প জাদুঘর ও সাংস্কৃতিক কেন্দ্র। আগামী গ্রীষ্মে ‘দ্য স্পিরিট অব তেংরি’ সংগীত উৎসবে বিভিন্ন দেশের শিল্পীদের পরিবেশনা উপভোগের সুযোগও থাকবে।

জাপানের নাগাতো ইউমোতো ওনসেন

জাপানের ইয়ামাগুচি প্রদেশের নাগাতো ইউমোতো ওনসেন একটি প্রাচীন উষ্ণ প্রস্রবণকেন্দ্র। জনশ্রুতি রয়েছে, প্রায় ৬০০ বছর আগে এক শিন্তো দেবতা তাইনেই-জি মন্দিরের সন্ন্যাসীদের এই উষ্ণ প্রস্রবণের সন্ধান দিয়েছিলেন। ২০২৭ সালে সেই ঘটনার ৬০০ বছর পূর্তি উপলক্ষে ৪ জানুয়ারি মন্দিরে বিশেষ ধর্মীয় আয়োজন হবে। ১৫ জানুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত ওতোজুরে নদীর ধারে আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে। ঐতিহাসিক উষ্ণ প্রস্রবণে স্নান, স্থানীয় খাবার এবং প্রাচীন মৃৎশিল্পের কারখানা ঘুরে দেখার সুযোগ রয়েছে।

বিবিসি ট্রাভেলের সম্পাদক, বিভিন্ন দেশের সাংবাদিক এবং টেকসই পর্যটন বিশেষজ্ঞদের পরামর্শে এই ২০টি গন্তব্য বেছে নেওয়া হয়েছে। তালিকা তৈরির ক্ষেত্রে স্থানীয় মানুষের উপকার, পরিবেশ সংরক্ষণ, সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং দায়িত্বশীল পর্যটনের বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিবিসির এই তালিকায় গন্তব্যগুলিকে কোনো নির্দিষ্ট ক্রম বা র‍্যাঙ্কিংয়ে সাজানো হয়নি।

/এমএএল/
সম্পর্কিত
গুগল ম্যাপের সঙ্গে মহাসড়কের দূরত্বের হিসাবে পার্থক্য কেন?
বন্দে ভারত স্লিপারের ফার্স্ট এসি বনাম পুরনো ফার্স্ট এসি
অস্ট্রেলিয়ার যে বিখ্যাত চিড়িয়াখানা দেখে আবেগে কাঁদলেন প্রিয়াঙ্কা চোপড়া
সর্বশেষ খবর
৪০ বছরেই মস্তিষ্কের বয়স ৬০! ব্রেন তরুণ রাখতে মেনে চলুন ৫ অভ্যাস
৪০ বছরেই মস্তিষ্কের বয়স ৬০! ব্রেন তরুণ রাখতে মেনে চলুন ৫ অভ্যাস
ব্যাংকের নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস নিয়ে জালিয়াতি, বহিষ্কার ২৪ পরীক্ষার্থী
ব্যাংকের নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস নিয়ে জালিয়াতি, বহিষ্কার ২৪ পরীক্ষার্থী
‘ধুরন্ধর’ থেকে যশরাজ, সারা অর্জুনের নতুন চমক
‘ধুরন্ধর’ থেকে যশরাজ, সারা অর্জুনের নতুন চমক
পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতার পদ হারালেন ঋতব্রত, বড় জয় মমতার
পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতার পদ হারালেন ঋতব্রত, বড় জয় মমতার
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকে শুল্ক দাঁড়াবে ৩৩.৬ শতাংশ, বদলে যাচ্ছে প্রতিযোগিতার হিসাব
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকে শুল্ক দাঁড়াবে ৩৩.৬ শতাংশ, বদলে যাচ্ছে প্রতিযোগিতার হিসাব