গুজরাটের কচ্ছ অঞ্চলে অবস্থিত এই সড়কটি খাভদা থেকে প্রাচীন হরপ্পা সভ্যতার নিদর্শন ধোলাভিরার দিকে চলে গিয়েছে। গ্রেট রান অব কচ্ছের বিস্তীর্ণ লবণাক্ত সমতলের ওপর দিয়ে তৈরি হয়েছে রাস্তাটি। দুই পাশের সাদা প্রান্তর আর দিগন্তের দৃশ্য এমন এক আবহ তৈরি করে, যেখানে পথের শেষ দেখা যায় না। এই দৃশ্যের কারণেই পর্যটকদের কাছে জায়গাটি ‘রোড টু হেভেন’ নামে পরিচিত।
সম্প্রতি কচ্ছ সফরে গিয়ে এই রাস্তায় কিছুটা সময় কাটান দিলজিৎ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে তাঁকে একটি কালো রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের পাশে রাস্তার ওপর শুয়ে বিশ্রাম নিতে দেখা যায়। ভিডিওতে মজার ছলে তিনি বলেন, জায়গাটির নাম ‘রোড টু হেভেন’। স্বর্গের মতো দৃশ্য দেখতে হলে কচ্ছে আসতে হবে।
কচ্ছের ‘রোড টু হেভেন’-এর সবচেয়ে বড় আকর্ষণ এর অপার্থিব প্রাকৃতিক দৃশ্য। রাস্তার দুই পাশে যত দূর চোখ যায়, ছড়িয়ে রয়েছে সাদা লবণের বিস্তীর্ণ প্রান্তর। কোথাও কোথাও মনে হয়, বরফের চাদরে ঢেকে রয়েছে গোটা এলাকা। দিনের আলোয় সাদা মাটির ওপর সূর্যের ঝলকানি তৈরি করে এক অদ্ভুত মায়াবী পরিবেশ। আবার সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আকাশের রং বদলের সঙ্গে সঙ্গে প্রান্তরের চেহারাও পাল্টে যায়। কখনো কমলা, কখনো গোলাপি, কখনো সোনালি আভায় রাঙা হয়ে ওঠে চারপাশ। বর্ষার পর প্রান্তরের কিছু অংশে পানি জমলে তাতে আকাশের প্রতিবিম্ব পড়ে। তখন মনে হয়, রাস্তার দুই পাশে যেন আকাশ নেমে এসেছে। চারদিকে জনবসতি ও কোলাহল কম থাকায় প্রকৃতির এই বিশালতা আরও গভীরভাবে অনুভব করা যায়। দূর থেকে সোজা চলে যাওয়া কালো পিচের রাস্তা সাদা প্রান্তরের বুক চিরে যেন দিগন্তের সঙ্গে মিশে গিয়েছে। এই দৃশ্যই ‘রোড টু হেভেন’কে পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে।
কীভাবে যাবেন
গুজরাটের ভুজ শহরকে ভিত্তি করে এই ভ্রমণের পরিকল্পনা করা যায়। ভুজ থেকে খাভদা হয়ে ধোলাভিরার দিকে সড়কপথে যেতে হয়। পুরো যাত্রায় বেশ কয়েক ঘণ্টা লাগতে পারে। তাই ব্যক্তিগত গাড়ি বা ভাড়া করা গাড়িতে যাওয়াই সুবিধাজনক। যাওয়ার আগে গাড়িতে পর্যাপ্ত জ্বালানি ভরে নেওয়া জরুরি। কারণ এই দীর্ঘ পথের আশপাশে পেট্রল পাম্প, দোকান বা খাবারের স্টল সহজে পাওয়া যায় না। সঙ্গে পানীয় জল ও প্রয়োজনীয় খাবার রাখা ভালো।
কখন যাবেন
নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়কে এই অঞ্চল ভ্রমণের জন্য উপযোগী ধরা হয়। এ সময় আবহাওয়া তুলনামূলক আরামদায়ক থাকে। ভোর কিংবা সূর্যাস্তের আগে রাস্তার দৃশ্য সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। বর্ষার পর কিছু সময় লবণাক্ত প্রান্তরে জমে থাকা পানিতে আকাশের প্রতিবিম্ব দেখা যায়। তবে এই দৃশ্য বৃষ্টির পরিমাণ ও আবহাওয়ার ওপর নির্ভর করে।
কচ্ছ সীমান্তবর্তী সংবেদনশীল অঞ্চল হওয়ায় যাত্রাপথে নিরাপত্তা-সংক্রান্ত নির্দেশনা মেনে চলা জরুরি। পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এবং স্থানীয় বিধিনিষেধ সম্পর্কে আগে থেকে জেনে নেওয়া ভালো। সন্ধ্যার পর নির্জন পথে গাড়ি চালানো এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়।