মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব পড়েছে বিশ্বের অন্যতম ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে (ডিএক্সবি)। ২০২৬ সালের প্রথম ছয় মাসে বিমানবন্দরটির যাত্রীসংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৩১ দশমিক ৩ শতাংশ কমে ৩ কোটি ১৫ লাখে নেমেছে।
দুবাই এয়ারপোর্টস জানিয়েছে, বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) যাত্রীসংখ্যা ছিল ১ কোটি ৩০ লাখ। আগের বছরের একই সময়ের তুলনায় এ সময়ে বিমান চলাচলেও বড় ধরনের পতন দেখা গেছে। প্রথম ছয় মাসে উড়োজাহাজ ওঠানামা করেছে প্রায় ১ লাখ ৫০ হাজার ৬০০ বার, যা এক বছর আগের তুলনায় ৩২ দশমিক ১ শতাংশ কম।
ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া ইরান যুদ্ধ ও এর জেরে উপসাগরীয় অঞ্চলের আকাশপথে বিধিনিষেধ, ফ্লাইট বাতিল ও রুট পরিবর্তনের কারণে বিমান চলাচলে এই ধাক্কা লাগে। এর প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও পড়েছে এবং জ্বালানির দাম বৃদ্ধির কারণে বিশ্বজুড়ে এয়ারলাইনগুলো চাপে পড়েছে।
তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এপ্রিল থেকে জুনের মধ্যে দুবাই বিমানবন্দরে মাসিক যাত্রীসংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের আশা, আন্তর্জাতিক এয়ারলাইনগুলোর ফ্লাইট পুনরায় চালু হওয়া এবং আসন সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে বছরের দ্বিতীয়ার্ধে যাত্রী চলাচলও ঘুরে দাঁড়াবে।
সূত্র: রয়টার্স









