সিটিসেলের মূল প্রতিষ্ঠান প্যাসিফিক টেলিকম বাংলাদেশ লিমিটেড টিবিটিএল-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২ জুলাই) ঢাকা মহানগর হাকিম লস্কর সোহেল রানা শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। আসামির আইনজীবী কামরুল ইসলাম শিকদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) দুদকের মামলায় শনিবার (১ জুলাই) বিকেলে শ্রীলঙ্কা থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। সিটিসেলের নামে এবি ব্যাংকের ৩৪৮ কোটি ৫০ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে দায়ের করা দুদকের মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। গত ২৮ জুন রাজধানীর বনানী থানায় মামলাটি দায়ের করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক শেখ আব্দুস সালাম আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে, আসামির আইনজীবী কামরুল ইসলাম শিকদার জামিনের আবেদন করেন।
দুদকের পক্ষে আইনজীবী জাহাঙ্গীর হোসেন বাদশা তার জামিনের বিরোধীতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত মেহবুব চৌধুরীর জামিন মঞ্জুর করেন।
/এসআইটি/এসএমএ/
আরও পড়ুন







