দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে তার বিরুদ্ধে মামলার কার্যক্রম চলতে বাধা নেই বলে জানিয়েছেন দুদক আইনজীবী। বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেন।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। অন্যদিকে, আলতাফ হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। এছাড়াও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
পরে খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, ২০০৭ সালের ১৮ ডিসেম্বর দুদক কর্তৃক জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে রমনা থানায় একটি মামলা করা হয়। পরে ২০০৮ সালের ২২ জুন এই মামলায় অভিযোগ পত্র দাখিল করা হয়।
এরপর গত বছরের ১৭ অক্টোবর এ মামলায় অভিযোগ গঠন ঢাকার বিশেষ জজ আদালত-৮। সেই অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। যা শুনানি শেষে খারিজের রায় দেন হাইকোর্ট। এর ফলে এখন বিচারিক আদালতে মামলার কার্যক্রম চলতে বাধা নেই বলে জানিয়েছেন দুদক আইনজীবী।







