কোট সংস্কার আন্দোলনে গ্রেফতার শিক্ষার্থীদের বিনা-পারিশ্রমিকে আইনী সহায়তা দিতে চান সুপ্রিম কোর্টের ৩৬ আইনজীবী। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আইনজীবীরা এ ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত বেশ কয়েকদিন ধরে সংরক্ষিত কোটা পদ্ধতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয় ও কলেজে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন। শিক্ষার্থীদের এই ন্যায্য ও যৌক্তিক আন্দোলন বাংলাদেশের আপামর জনগণ সমর্থন দিয়েছে। এর ফলে তাদের এই আন্দোলনে আমরা আইনজীবীরাও সমর্থন জানাচ্ছি।
এতে আরও বলা হয়, সাধারণ শিক্ষার্থীদের এই যৌক্তিক আন্দোলনে প্রশাসন নগ্নভাবে হস্তক্ষেপ করে ও চরম নির্যাতন করে, যা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেশবাসী দেখেছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আমরা আরও ঘোষণা করছি, এই ন্যায্য আন্দোলনে কেউ যদি অন্যায়ভাবে গ্রেফতার হয়ে থাকেন, তারা যদি আমাদের আইনি সহায়তা চান, আমরা বিনা পারিশ্রমিকে আইনি সহায়তা দেবো।
আইনজীবীদের মধ্যে আছেন, অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল, ব্যারিস্টার শেখ গোলাম সারওয়ার, অ্যাডভোকেট শাহ নাছির উদ্দিন, মো. আছবারুল হক, ব্যারিস্টার মুহাম্মদ বেলায়েত হোসেন, অ্যাডভোকেট মো. মিজানুর রহমান শিহাব, মো. বেলায়েত হোসেন, মো. বেলার হোসেন, মো. মোস্তাফিজুর রহমান, সালমা সুলতানা সোমা, আঞ্জুমান আরা বেগম, ফয়জুল্লাহ্ ফয়েজ প্রমুখ।







