রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে হারুন মোল্লা পুলিশ বক্সের সামনে পকেটে বোমা থাকার সন্দেহে রোমান (২১) নামে এর তরুণকে পিটিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। গুরুতর আহত অবস্থায় তাকে মিরপুর আল হেলাল হাসপাতালে চিকিৎসা দিয়েছে পুলিশ। রবিবার (৫ আগস্ট) বিকাল ৩টার দিকে এই ঘটনা ঘটে।
দেখা গেছে, রবিবার সকাল থেকে মিরপুরে শিক্ষার্থীরা একত্র হয়ে কোথাও অবস্থান করতে পারেনি। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও পুলিশ তাদের কোথাও দাঁড়াতে দেয়নি। বিকাল ৩টার দিকে ৩/৪ শ শিক্ষার্থী জড়ো হয়ে মিছিল নিয়ে গোলচত্বরে আসে। এসময় ওই তরুণও মিছিলের মধ্যে ছিল। এসময় তাকে শিক্ষার্থীদের সন্দেহ হলে তাকে পরিচয়পত্র বের করতে বললেও সে কোনও পরিচয়পত্র দেখাতে পারেনি। এরপর শিক্ষার্থীরা তাকে মারধর করে। পরে শিক্ষার্থীরা তাকে তল্লাশি করে পকেটে বোমা সাদৃশ্য একটি বস্তু দেখতে পেয়ে ফের মারধর করে। এতে রোমান অজ্ঞান হয়ে পরে যায়।
এসময় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরে। পরে পুলিশ এসে রোমনের চারদিকে বেরিকেড দেয়। দূর থেকে পুলিশ বস্তুটি চেনার চেষ্টা করে। এরপর ওই তরুণের মাথায় পুলিশ পানি দিলে তার জ্ঞান ফেরে। তখন সে উঠে বসে তার নাম জানায়। পরে ওই তরুণের পকেটে থাকা বোমা সাদৃশ্য বস্তুটি খুলে পুলিশ নিশ্চিত হয় সেটি একটি আঠার কৌটা। এরপর আহত তরুণকে পাশ্ববর্তী আল হেলাল হাসপাতালে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে।
পরবর্তীতে ছাত্রদের ১০ নম্বর গোলচত্বর থেকে সরিয়ে দেয় পুলিশ। এসময় সেখানে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরাও ছিলেন।







