ভিজিডি চাল আত্মসাতের মামলায় বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমানুল্লাহ আমান ও মেম্বার মো. জাহাঙ্গীর হোসেন খানকে ১০ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগাম জামিন চেয়ে করা আসামিদের আবেদন খারিজ করে, মঙ্গলবার (৪ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে চেয়ারম্যান ও মেম্বারের পক্ষে আইনজীবী ছিলেন— অ্যাডভোকেট শেখ আতিয়ার রহমান। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন— ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। এছাড়াও দুদকের পক্ষে ছিলেন— আইনজীবী একেএম ফারহান।
এর আগে ভিজিডি কার্ডধারী ২৫১ জনের মধ্যে এক লাখ ৮২ হাজার ৪২৬ টাকা মূল্যের পাঁচ মেট্রিকটন চাল বিতরণ না করে আত্মসাতের অভিযোগে গত ২৭ নভেম্বর বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানায় মামলা করে দুদক। এ মামলায় আসামি দুজন হাইকোর্টে হাজির হয়ে জামিন আবেদন করেন। কিন্তু আদালত তাদের জামিন আবেদন খারিজ করে দিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পনের নির্দেশ দেন।






