নির্ধারিত সময়ে সম্পদবিবরণী দাখিল না করায় নারায়ণগঞ্জের শীর্ষ মাদক কারবারি মো. সেলিম রেজার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (৪ আগস্ট) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলাটি করেন দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাঈদুজ্জামান। ‘দুদক আইন, ২০০৪-এর-২৬ (২) ধারায়’ মামলাটি দায়ের করা হয়েছে। দুদক উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক জানায়, ২০১৯ সালের ২ মে সেলিম ও তার পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ পাঠানো হয। নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি থাকায় সেলিমে নোটিশটি পাঠানো হয় কারাগারেই। কিন্তু দফায় দফায় সময় নিয়েও তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি।
মাদক কারবারি সেলিম বিপুল সম্পদের মালিক। সেলিম ও তার পরিবারের সদস্যদের নামে ১ কোটি ৪৯ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা মূল্যের জমি আছে। এছাড়া, দুই তলাবিশিষ্ট একটি বাড়ি নির্মাণ ও ১টি গাড়িরও (চট্ট মেট্রো-ভ-১১-০০০৪) মালিক তারা। নামে-বেনামে আরও সম্পদ আছে তাদের। যার খোঁজ অব্যাহত রাখা হয়েছে।







