ধর্মীয় অনুভূতিতে আঘাত ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির দুটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ আরও এক বছর করে বাড়িয়েছেন হাইকোর্ট। সোমবার (২৫ নভেম্বর) বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিন পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন, সালমা সুলতানা সোমা, ব্যারিস্টার ফাইয়াজ জিবরান, গোলাম আক্তার জাকির ও রোকন উজ্জামান।
২০১৪ সালের ১০ অক্টোবর খালেদা জিয়ার এক বক্তব্যে তার বিরুদ্ধে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও ধর্মবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও জাতিগত বিভেদ সৃষ্টির অভিযোগ ওঠে। পরে অভিযোগটির ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়। মামলাটিতে পুলিশের প্রতিবেদন জমা পড়েছে। তবে এ মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে কিনা এ বিষয়ে আদেশের জন্য ২৩ সেপ্টেম্বর দিন ধার্য রয়েছে।
এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ২০১৬ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা হয়।
পরে গত ১৮ জুন মানহানির এই দুই মামলায় খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট। পুনরায় আবেদনের পর খালেদা জিয়ার জামিনের মেয়াদ আরও এক বছর বাড়ালেন হাইকোর্ট।
উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া এখন কারাবন্দি রয়েছেন। অসুস্থতার কারণে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।








