জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে নাশকতা চালানোর জন্য অর্থায়নের অভিযোগের দুই মামলা থেকে অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন ও মাহফুজ চৌধুরী বাপনকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে হঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে দুই আইনজীবীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হাসান এমএস আজিম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।
পরে ব্যারিস্টার হাসান এমএস আজিম বলেন, ওই দুই আইনজীবী তাদের বিরুদ্ধে বিচারিক আদালতে অভিযোগ গঠনের বৈধতা নিয়ে হাইকোর্টে আপিল করেছিলেন। ওই আবেদনের শুনানি শেষে তাদেরকে ওই মামলা থেকে অব্যাহতি দিলেন হাইকোর্ট।
এর আগে ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি হাটহাজারী উপজেলায় মাদরাসাতুল আবু বকর নামে একটি মাদ্রাসায় ‘জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রে’ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করে র্যাব। পরে একই বছরের ২১ ফেব্রুয়ারি বাঁশখালী উপজেলার লটমণি পাহাড়ে র্যাবের অভিযানে অস্ত্রসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।
২০১৯ সালের ২০ আগস্ট হাটহাজারীর মামলায় ৩৩ জন আসামি ও বাঁশখালীর মামলায় ২৮ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনে আদেশ দেন চট্টগ্রামের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আবদুল হালিম। তবে পলাতক থাকায় শাকিলা ফারজানাসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন ও মাহফুজ চৌধুরী।
২০১৯ সালের ১১ নভেম্বর হাইকোর্ট বিভাগ তাদের আপিল শুনানির জন্য গ্রহণ করে মামলার কার্যক্রম স্থগিত করেন। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। এরপর গত ২৬ নভেম্বর আপিল বিভাগ চার সপ্তাহের মধ্যে হাইকোর্টে আপিল নিষ্পত্তি করতে আদেশ দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় দুই আইনজীবীকে অব্যাহতি দিলেন হাইকোর্ট।







