নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও নির্যাতন করে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলার অন্যতম আসামি কালামকে কুমিল্লার দাউদকান্দি থেকে আটক করেছে র্যাব-১১। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দফতরের মেজর রইসুল আজম মণি।
এর আগে সোমবার (৫ অক্টোবর) নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণচেষ্টার ঘটনায় করা মামলার প্রধান আসামি বাদলকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আর দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে অস্ত্রসহ নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব।
প্রসঙ্গত, ২ সেপ্টেম্বর রাতে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের খালপাড় এলাকায় ওই গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন চালায় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার, বাদল, কালাম ও আবদুর রহিমসহ ৫ তরুণ। ঘটনার ৩২ দিন পর রবিবার (৪ অক্টোবর) দুপুরে নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় রবিবার রাতেই দুটি মামলা হয়েছে। এর মধ্যে দুজনকে আটকও করা হয়েছে।







