রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে বাসের ধাক্কায় মরিয়ম বেগম (৪৮) নামের এক মা নিহত হয়েছেন। মেয়ের জন্য জুতা কিনতে মার্কেটে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেয়ে জান্নাত আক্তার জানায়, আমি আর আমার মা মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে রাস্তা পারা হচ্ছিলাম। এমন সময় একটি যাত্রীবাহী বাস আমার মাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন মা। তাকে দ্রুত ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎক মৃত ঘোষণা করেন।
মৃতের স্বামী নুর ইসলাম বলেন, ‘আমার মেয়ের সামনে পরীক্ষা। মেয়ের জন্য শনিরআখড়া মার্কেটে যাচ্ছিল জুতা কিনতে। মাতুয়াইল মা ও শিশু হাসপাতলের সামনে রাস্তা পারাপারের সময় একটি বাস আমার স্ত্রীকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে মারা যান।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদশর্ক) বাচ্চু মিয়া বলেন, বিষয়টি যাত্রাবাড়ী থানাকে অবগত করা হয়েছে। বাসটি জব্দ আছে।







