দুর্নীতির মামলায় পুলিশের ডিআইজি মিজানুর রহমান ওরফে মিজান ও দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৩ মার্চ দিন ধার্য করেছেন আদালত ।
সোমবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য ছিল। কিন্তু দুদকের পাবলিক প্রসিকিউটর অপর এক মামলার শুনানিতে ব্যস্ত থাকায় সাক্ষ্যগ্রহণের জন্য আদালত এ মামলার নতুন তারিখ ধার্য করেন।
মিজান ও বাছিরের বিরুদ্ধে দুর্নীতির এই মামলায় এ পর্যন্ত ১৭ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
এর আগে ২০২০ সালের ১৮ মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। একই বছরের ৪ মার্চ দুদকের পক্ষে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়।
২০২০ সালের ৯ ফেব্রুয়ারি ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ অভিযোগপত্র গ্রহণ করেন। একই বছরের ১৯ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যা আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
২০১৯ সালের ১৬ জুলাই ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগে মিজান ও বাছিরের বিরুদ্ধে জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেছিলেন দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যা।
প্রসঙ্গত,ঘুষ কেলেঙ্কারির অভিযোগ ওঠার পর খন্দকার এনামুল বাছির ও ডিআইজি মিজানুর রহমান ওরফে মিজানকে সাময়িক বরখাস্ত করা হয়।








