আগামী শুক্রবার (২ এপ্রিল) সকাল ১০ টা হতে ১১ টা পর্যন্ত ঢাকা মহানগরে ১৫টি কেন্দ্রে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের মেডিক্যাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় ৪৭ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। ভর্তি পরীক্ষার্থীদের উদ্দেশে কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপির)।
এতে বলা হয়েছে, করোনার প্রাদুর্ভাবের কারণে গণপরিবহনের আসন সংখ্যার অর্ধেক যাত্রী পরিবহনে সরকারি নির্দেশনা থাকায় পরিবহন সংকট দেখা দেওয়ার সম্ভাবনা আছে। এ পরিস্থিতি বিবেচনায় সকল পরীক্ষার্থীকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে তাদের নিজ নিজ বাসস্থান হতে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। যাতে পরীক্ষার্থীরা সকাল ৮টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে পারেন।
ভর্তি পরীক্ষা স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিম্নোক্ত নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে:
১. কেন্দ্রের আশপাশ এলাকায় গাড়ী পার্ক করা যাবে না।
২. অভিভাবকরা কেন্দ্রের সন্নিকটে অবস্থান করতে পারবেন না।
৩. ফটোকপি, কম্পিউটার কম্পোজ ও প্রিন্টিং এর দোকান পরীক্ষার আগের দিন রাত ৮ টা হতে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
৪. পরীক্ষার্থীদের মাস্ক পরিধান করে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে।
৫. সর্বক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
৬. করোনার সংক্রমণ রোধ নিশ্চিতকল্পে পরীক্ষা কেন্দ্রের প্রবেশদ্বারে রক্ষিত সাবান/হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে।







