নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের আইটি বিশেষজ্ঞ সন্দেহে এইচ এম মেহেদী হাসান রানাকে (৩০) গ্রেফতার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ মে) সন্ধ্যায় কক্সবাজার থেকে গ্রেফতার করা হয় তাকে। অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) মিডিয়া উইং এর পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান এই তথ্য নিশ্চিত করেন।
কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী এলাকা থেকে রানাকে গ্রেফতার করা হয়। তার বাবার নাম মোশারফ হোসেন। তাদের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার সুবিদখালীতে।
গ্রেফতার হওয়া মেহেদী হাসান রানা ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বনানী ক্যাম্পাস থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। বর্তমানে তিনি ব্র্যাকে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার হিসেবে তিন বছর ধরে কর্মরত আছেন।
গ্রেফতারকালে এন্টি টেরোরিজম ইউনিট তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি সিমকার্ড ও তিন রকমের সাতটি ‘হিযবুত তাহরীর’ লেখা লিফলেট জব্দ করেছে।
পুলিশ জানায়, মেহেদী হাসান রানা হিযবুত তাহরীরের আইটি সেক্টরে দীর্ঘদিন যাবৎ সক্রিয় ভূমিকা পালন করছে। হিযবুত তাহরীরের অনলাইন সম্মেলন ও প্রচারণায় তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। অনলাইন মিডিয়ায় কথিত খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে হিযবুত তাহরীরের হয়ে বিভিন্ন প্রচার প্রচারণাসহ অন্যান্য সদস্যদের মুক্তির জন্যও সে চেষ্টা করে আসছিল। তাছাড়া বর্তমান গণতান্ত্রিক সরকারকে উৎখাতের মাধ্যমে দেশে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কক্সবাজারের উখিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৮/৯(৩)/১২/১৩ ধারায় মামলা রুজু করা হয়েছে।







