দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আসামিদের অপরাধের উপাদান রয়েছে মর্মে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী ছয় মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৪ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ কর্তৃক এ রায় প্রকাশিত হয়।
দুই বিচারপতির সইয়ের পর প্রকাশিত ৬৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের পর্যবেক্ষণ অংশে আদালত বলেছেন, ‘এ মামলায় আসামিদের অপরাধের উপাদান রয়েছে। এখন সেটি সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে নির্ধারিত হবে। ছয় মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তির জন্য বিচারিক আদালতকে নির্দেশ দেওয়া হলো।’
প্রসঙ্গত, দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলন ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে ২০০৮ সালে শাহবাগ থানায় এ মামলা করে দুদক। সেই মামলায় খালেদা জিয়া ও তার সরকারের আমলের মন্ত্রীদের আসামি করা হয়।
পরে বড়পুকুরিয়া মামলা বাতিল চেয়ে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী প্রয়াত আমিনুল হক হাইকোর্টে আবেদন জানান। ২০১৯ সালের ২১ এপ্রিল আমিনুল হকের মৃত্যুর আগে তারই আবেদনের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছিলেন হাইকোর্ট। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে রুলটি খারিজ করে রায় ঘোষণা করা হয়। সোমবার ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করলেন হাইকোর্ট।









