সাবেক অ্যাটর্নি জেনারেল ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ এফ হাসান আরিফের সাবেক পুত্রবধূ মাধবী আক্তার নীলা তার বড় সন্তানকে নিজ হেফাজতে নেওয়ার নির্দেশনা চাওয়া রিটের শুনানি ১৬ আগস্ট পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১০ আগস্ট) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ। অন্যদিকে হাসান আরিফের বড় ছেলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা।
অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা আদালতের কাছে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করার জন্য সময় প্রার্থনা করায় আদালত মামলাটির শুনানি মুলতবি করেন।
এর আগে পারিবারিক কলহকে কেন্দ্র করে সাবেক অ্যাটর্নি জেনারেল ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ এফ হাসান আরিফের বড় ছেলে মোয়াজ আরিফের সঙ্গে ২০১৮ সালের ৩১ মার্চ পারিবারিকভাবেই নীলার বিয়ে হয়। বিয়ের পর স্বামী-সন্তান নিয়ে নীলা সুখেই ছিলেন। তবে সুখের সংসারে সমস্যা শুরু হয় তাদের ২ বছর বয়সী বড় কণ্যাসন্তানকে নিয়ে।
নীলার অভিযোগ, তার শ্বশুর ও শাশুড়ি বড় মেয়েকে কানাডায় তাদের মেয়ের কাছে পাঠিয়ে দিতে চেয়েছিলেন। তার ননদের কোনও সন্তান না থাকায় তারা তার সন্তানকে কানাডা পাঠাতে চেয়েছিলেন। কিন্তু নীলা রাজি হননি। এরপর থেকেই তার ওপর অত্যাচার ও নির্যাতন শুরু হয়। একপর্যায়ে তাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়। এই সুযোগে তার বড় কন্যাকে তারা সরিয়ে রেখেছে। পরে গত ৮ আগস্ট মাধবী আক্তার নীলা তার বড় সন্তানকে নিজের হেফাজতে নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন।









