শিবগঞ্জের নিখোঁজ ছাত্রদল নেতা ঢাকায় অস্ত্রসহ গ্রেফতার

আমানুর রহমান রনি
১৭ আগস্ট ২০২১, ২২:৩১আপডেট : ১৭ আগস্ট ২০২১, ২২:৩১

তিন দিন ধরে নিখোঁজ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জানিবুল ইসলাম জোসি (৩০) এবং তার এক সহযোগী ঢাকায় অস্ত্রসহ গ্রেফতার হয়েছেন। ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, তারা অস্ত্র ব্যবসায়ী। দেশের সীমান্ত এলাকা থেকে অস্ত্র নিয়ে এসে ঢাকায় বিক্রি করেন। তাদের বিরুদ্ধে একাধিক অস্ত্র মামলা রয়েছে। জোসি নিখোঁজের ঘটনায় তার মা হেলেনা আক্তার গত ১৫ আগস্ট রাতে শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। জিডিতে হেলেনা বেগম তার ছেলেসহ শিবগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুর রহমানের নিখোঁজের কথাও উল্লেখ করেছিলেন।  তবে ১৬ আগস্ট রাতে শামসুর রহমান ফিরে আসেন। এরপর জোসির পরিবার জানতে পারে যে, জোসিকে ঢাকার ডিবি পুলিশ গ্রেফতার করেছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, সোমবার (১৬ আগস্ট) রাতে জানিবুল ইসলাম জোসি (৩০) এবং তার সহযোগী বাসির আলী (৩৮) কে যাত্রাবাড়ীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দুটি অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়।

হাফিজ আক্তার বলেন,  ‘‘জানিবুল ইসলাম জোসি চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের ‘ফ্রন্টলাইনার’ নেতা ছিলেন। তাদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জ থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। ভারতের সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে বিক্রির জন্য রাজধানীতে নিয়ে আসে এই চক্রটি। তারা কয়েক বছর ধরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসে। এই অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায়   মামলা করা হয়েছে।’’

তিনি বলেন, ‘গ্রেফতারকৃতরা উদ্ধারকৃত অবৈধ অস্ত্র চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকা হতে ঢাকায় নিয়ে আসে। অবৈধ অস্ত্রগুলো বিক্রয় করার জন্য তারা যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অবস্থান করছিল। গ্রেফতারকৃত জোসি ইতোমধ্যে দু’বার অস্ত্র মামলায় ও বিস্ফোরক মামলায় গ্রেফতার হয়েছে।’ তারা ঢাকা শহরে কোনও অশান্তকর পরিবেশ সৃষ্টি বা কাউকে অস্ত্র সরবরাহ করার জন্য এনেছিল কিনা, কিংবা এ ঘটনায় অন্য কেউ জড়িত কিনা, এ বিষয়গুলো খতিয়ে দেখবে বলে জানান ডিবির এই কর্মকর্তা।

একই পরিবারের তিন জন নিখোঁজ ছিল তিন দিন

গত ১৩ আগস্ট হেলেনা বেগমের মেয়ের জামাই হায়দার আলী বাপ্পী ঢাকা- টাঙ্গাইল রুটে চলাচলকারী একতা বাস থেকে নিখোঁজ হন। তাকে অনেক ফোন করেও পাচ্ছিল না তার পরিবার। এরপর ১৪ আগস্ট হেলেনা বেগমের ভাই শামসুর রহমান ও ছেলে জোসি নিখোঁজ বাপ্পীর খোঁজে বের হন। তারা প্রায় একলাখ টাকা ও জামাকাপড় নিয়ে বের হন।  চাঁপাইনববাগঞ্জ থেকে টাঙ্গাইল আসলে সেখান থেকে শামসুর রহমান ও  জোসিও  নিখোঁজ হন।

হেলেনা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার মেয়ে জামাইকে খোঁজ করার জন্য আমরা ভাই শামসুর রহমান ও ছেলে জোসি বাসা থেকে বের হয় ঢাকার উদ্দেশে, যদি দুই-একদিন ঢাকাতে থাকতে হয়, সেজন্য বেশি করে টাকা ও জামাকাপড় নিয়ে বের হয়েছিল। এরপর তাদেরও মোবাইল বন্ধ পাই। ১৪ আগস্ট তারাও নিখোঁজ হয়। সারাদিন সব জায়গায় আমি খোঁজ করলাম, কোথাও তাদের পেলাম না। ১৫ আগস্ট আমি শিবগঞ্জ থানায় যাই এবং জিডি করি।’

রবিবার (১৫ আগস্ট) শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন জোসির মা হেলেনা বেগম। ছেলের সন্ধান চেয়ে শিবগঞ্জ থানায় জোসির মায়ের করা জিডি জিডি নাম্বার-৬৬৫, তারিখ ১৫ আগস্ট ২০২১ । শিবগঞ্জ পৌর এলাকার দৌলতপুর মহাজনপাড়ার মো. শফিকুল ইসলামের ছেলে জানিবুল ইসলাম জোসি (৩০) এবং তার আপন মামা শিবগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড পিঠালীতলার মৃত ফরমান আলীর ছেলে মো. শামসুর রহামন। তারা সম্পর্কে আপন মামা-ভাগ্নে।

জোসি শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নিখোঁজ শামসুর রহমান  শিবগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক পদে রয়েছেন।

জব্দ করা অস্ত্র ও গুলি

জিডিতে তিনি উল্লেখ করেছেন,  গত ১৪ আগস্ট সকাল ১০টায় জানিবুল ইসলাম জোসি ও তার ভাই শামসুর রহমান শিবগঞ্জ বাজারের জ্যোতি ইলেক্ট্রোনিকসের  দোকান থেকে মামা-ভাগ্নে একসঙ্গে ইলেক্ট্রিক মালামাল ক্রয় করতে শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা দেয়। দোকানটি শামসুর রহমানের।  ওইদিন চাঁপানবাবগঞ্জ যাওয়ার পর তারা আর বাড়ি ফেরেনি। তাদের মোবাইল নম্বরও বন্ধ পায় পরিবার। এরপর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখোঁজির পরও তাদের না পেয়ে ছেলে ও ভাইয়ের সন্ধান চেয়ে থানায় জিডি করেন।

হেলেনা বেগম বলেন, ‘নিখোঁজের তিন দিন পর ১৬ আগস্ট আমরা ভাই শামসুর রহমান ও মেয়ে জামাই বাপ্পী হঠাৎ বাড়িতে ফোন দিয়ে জানায়, তারা ঢাকায় এবং জোসিকে পুলিশ গ্রেফতার করেছে। ১৭ আগস্ট আমি ভাইয়ের মাধ্যমে জেনেছি, আমার ছেলের নামে অস্ত্র মামলা দেওয়া হয়েছে। যার সঙ্গে অস্ত্র মামলায় আাসমি করা হয়েছে, তাকে আমার ছেলে চিনে না।’

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন জানান, হেলেনা বেগম নিখোঁজের জিডি করেছিলেন। যাদের জন্য জিডি করেছিলেন, তাদের সবাইকে পাওয়া গেছে।

কুরিয়ারে আসা আমের ঝুড়িতে অস্ত্র খুঁজতে গিয়ে জোসির সন্ধান পায় ডিবি

গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা আমের ঝুড়িতে অস্ত্র পায় ডিবি। এসময় সাবের আলী নামে একজনকে গ্রেফতার করে তারা। এই অস্ত্র চাঁপাইনবাবগঞ্জ থেকে কে ঢাকায় পাঠিয়েছে, তা তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত সংশ্লিষ্ট এক কর্তকর্তা জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে আমের ঝুড়িতে অস্ত্র আসার তদন্ত করতে গিয়ে এদের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এরপর তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার বাসির আলী এজেআর ট্রান্সপোর্ট এজেন্সির মাধ্যমে ঢাকায় বাপ্পী নামে এক অস্ত্র ব্যবসায়ীর কাছে অস্ত্র পাঠায়। এর আগেও এই চক্রটি আমের ঝুড়িতে এভাবে অস্ত্র পাঠিয়েছে।

ডিবি কর্মকর্তা এ কে এম হাফিজ আক্তার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে ও পরে দেশকে অস্থিতিশীল করার জন্য বর্ডার এলাকায় কিছু অসাধু অস্ত্র ব্যবসায়ী অবৈধ আগ্নেয়াস্ত্র দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। এরই ধারাবাহিকতায় এগুলো ঘটছে কিনা, আমরা খতিয়ে দেখছি। অবৈধ অস্ত্রের বিরুদ্ধে ডিএমপিসহ বাংলাদেশের অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী প্রতিনিয়ত কঠোর অবস্থানে থাকে।’ অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের কর্মকর্তা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়েছে।

/এপিএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম