সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীকে যৌনকর্মী উল্লেখ করে কুৎসা রটানোর অভিযোগে হাসান ফখরুল নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং বিষয়টি অবগত হয় সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিলে বুধবার (১ সেপ্টেম্বর) রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি সোহেল রানা বলেন, হাসান ফখরুল নামে একজন অবস্থাপন্ন ব্যক্তি একই এলাকার অপর এক ব্যক্তির স্ত্রীকে জড়িয়ে নানা আজেবাজে কথা লিখেছেন। পোস্টে দাবি করা হয়েছে উল্লিখিত গৃহবধূ একজন পেশাদার যৌনকর্মী। বিষয়টি তাৎক্ষণিকভাবে ফুলবাড়িয়া থানার ওসি মোল্লা জাকির হোসেনকে পাঠিয়ে বিষয়টি তদন্ত করতে বলা হয়।
তিনি বলেন, পুলিশের সহযোগিতার আশ্বাস পেয়ে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেন ওই নারী। পরে অভিযান চালিয়ে বুধবার রাতে আসামিকে আটক করা হয়। এ বিষয়ে মামলা রুজু হয়েছে এবং আজ বৃহস্পতিবার সকালে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।








