রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার ইসিবি চত্বরে এক স্কুলছাত্রকে গাড়ির ধাক্কায় হত্যার অভিযোগে দায়ের করা মামলায় চালককে গ্রেফতার করেছে পুলিশ। ক্যান্টনমেন্ট থানা পুলিশ শুক্রবার ১০ সেপ্টেম্বর দুপুরে উত্তরা এলাকা থেকে প্রাইভেট কারচালক মো. শাকিলকে গ্রেফতার করে। নিহত আবুল কালাম আজাদ (শান্ত) আদমজী ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক বলেন, বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক নয়টার দিকে ইসিবি চত্বর এলাকায় এক চালক তার গাড়ি বেপরোয়া গতিতে চালিয়ে এক মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে ঘটনাস্থলে উপস্থিত লোকজন প্রাইভেটকারটি থামানোর চেষ্টা করে। এতে চালক আরও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করলে গাড়িটি শান্তকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর জখমপ্রাপ্ত হয় শান্ত।
ঘটনাস্থলে থাকা লোকজন শান্তকে ঢাকা সিএমএইচ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শান্তকে মৃত ঘোষণা করেন। পরে লোকজন প্রাইভেটকারটি আটক করে। চালকসহ অপর আরেক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় ১০ সেপ্টেম্বর মামলা করা হয়।
ওসি আরও বলেন, ঘটনাস্থল হতে প্রাইভেটকারটি জব্দ করা হয়। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় উত্তরা থেকে চালক শাকিলকে গ্রেফতার করা হয়। পলাতক অপর অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।









